মৃত দেখিয়ে বিধবা ভাতা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে বিধবা ভাতাভোগী এক বৃদ্ধাকে মৃত দেখিয়ে তাঁর ভাতার কার্ড বাতিল করে আরেকজনের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা টাকার বিনিময়ে এ অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে।
উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ধোপাকল গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর নাম মহুবা খাতুন (৬৬)। মহুবার পরিবারের সদস্যরা বলেন, স্বামী হক্কুল হোসেনের মৃত্যুর পর ১৯৯৯ সালে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মাসিক বিধবা ভাতা কার্ড পান মহুবা। গত রমজান মাসে তিন মাসের বকেয়া (এপ্রিল-জুন) ভাতার টাকা তুলতে তিনি পার্বতীপুরের সোনালী ব্যাংকে যান। শহীদ মাহবুব সেনানিবাস শাখার ব্যবস্থাপক মোকাদ্দেস হোসেন তাঁকে বলেন, মহুবার নামে মৃত সনদ পাওয়ার পর তাঁর কার্ড বাতিল করা হয়েছে। পরে তাঁর ভাতা আরেকজনকে বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠ সমন্বয়ক (ফিল্ড সুপারভাইজার) জহুরুল হক বলেন, ইউপি চেয়ারম্যানের দেওয়া মৃত সনদ ও সুপারিশের ভিত্তিতে মহুবা খাতুনের কার্ড বাতিল করে ওই কার্ডটি একই গ্রামের গাছুয়া পাড়ার বিধবা রাশেদা বেগমের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাশেদা তিন মাসের ভাতাও তুলেছেন।
এ ঘটনায় ইউপির প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, সমাজসেবা বিভাগ ভাতার তালিকা সমন্বয় করতে গিয়ে এ ভুল করেছে। ইউপি চেয়ারম্যান মোফাখখারুল ইসলাম ফারুক বলেন, কে কার্ড পেল না পেল এ নিয়ে তাঁর কোনো স্বার্থ নেই। এটা একটা ভুল। তা ছাড়া মহুবাকে মৃত্যু সনদও দেওয়া হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, সমাজসেবা বিভাগ ইচ্ছা করলেও কাউকে ভাতা বরাদ্দ দিতে পারে না। ইউপি চেয়ারম্যানের দেওয়া তালিকা ও উপজেলা ভাতা প্রদান কমিটির সুপারিশের ভিত্তিতে ভাতা বরাদ্দ দেওয়া হয়।