মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদন
কািলপদ বিশ্বাস মারা গেছেন ১৯৯১ সালের ১৬ জানুয়ারি। অথচ প্রায় ১৪ বছর পর ২০০৫ সালের ২৭ জুন তাঁকে জীবিত দেখিয়ে তাড়াইল সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে তাঁর ৬০ শতাংশ জমি কিনেছেন দুই ব্যক্তি। আর এ প্রতারণার কাজে তাঁদের সহায়তা করেছেন এক দলিল লেখক।
ঘটনাটি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের। এ ঘটনায় কালিপদ বিশ্বাসের ছেলে যোগজীবন বিশ্বাস বাদী হয়ে দলিল জালিয়াতির অভিযোগে গত ২৪ জু্লাই তাড়াইল সহকারী জজ আদালতে মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন দলিল লেখক ছিদ্দিকুর রহমান ওরফে বকুল, দলিল গ্রহীতা জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের মৃত হাসমতের ছেলে এমদাদুল হক ও একই গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে বাবুল মিয়া।
এর আগে জমা খারিজ বাতিলের জন্য চলতি বছরের ৩০ জুন যোগজীবন বিশ্বাস তাড়াইল উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে এমদাদুল হক ও বাবুল মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। গত ৩০ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা খারিজ মামলার শুনানি হয়।
তাড়াইল উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তাড়াইলের ইউএনও রাবেয়া আকতার বলেন, মামলার বাদী উপস্থিত থাকলেও দুজন বিবাদী অনুপস্থিত ছিলেন। তাই এ ব্যাপারে পরবর্তী শুনানির তারিখে সিদ্ধান্ত দেওয়া হবে।
কালিপদ বিশ্বাসের বাবার বাড়ি জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামে। তিনি পরিবারের সদস্যদের নিয়ে প্রায় ৬০ বছর আগে ঢাকার সূত্রাপুরে বসবাস শুরু করেছিলেন।
সহকারী জজ আদালতে হওয়া মামলার বিবরণ ও কালিপদ বিশ্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাড়াইলের দামিহা ইউনিয়নের মাখনারবন্দ মৌজায় ২৫৭ নম্বর খতিয়ানের ৪১৫ ও ৪১৬ নম্বর দাগের ৬০ শতাংশ জমির মালিক কালিপদ বিশ্বাস।
মাঠ জরিপ রেকর্ডেও (আরএস) কালিপদ বিশ্বাস ওই জমির মালিক। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী সচিব (প্রশাসন) স্বাক্ষরিত ২০১৪ সালের ১৫ মে প্রদত্ত সনদে কালিপদের মৃত্যুর তারিখ ১৯৯১ সালে ১৬ জানুয়ারি উল্লেখ করা হয়েছে। ঢাকার পোস্তগোলা শ্মশানঘাটের মৃত্যুর নিবন্ধন রয়েছে একই তারিখের।
২০১১ সালের ২৮ নভেম্বর তৎকালীন ঢাকা সিটি করপোরেশন ৭৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সাহিদ এক প্রত্যয়নে কালিপদের মৃত্যুর তারিখ উল্লেখ করেছেন ১৯৯১ সালের ১৬ জানুয়ারি।
২০০৫ সালের ২৭ জুন সম্পাদন করা ২০৪৪ নম্বর দলিলে দলিলদাতাকে শনাক্ত করেছেন মামলার আসামি দলিল লেখক মো. ছিদ্দিকুর রহমান।
দলিল সম্পাদনের বিষয়টির কথা স্বীকার করে ছিদ্দিকুর রহমান বলেন, ‘অনেক সময় দলিল শনাক্তকারী পাওয়া যায় না। হয়তো এ কারণেই আমি শনাক্তকারী হলেও হতে পারি। তবে কালিপদ বিশ্বাস নামে কাউকে আমি চিনি না।’
মামলার বাদী যোগজীবন বিশ্বাস বলেন, ‘আমরা ঢাকায় বসবাস করি। এই সুযোগে দলিল লেখকের যোগসাজশে এমদাদুল ও বাবুল মিয়া আমার পৈতৃক সম্পত্তি লিখে নিয়েছেন আমার মৃত বাবাকে জীবিত দেখিয়ে। আমি প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নিয়েছি। আশা করি সুবিচার পাব।’
মামলার আসামি এমদাদুল হক বলেন, ‘জমি কিনে চক্রান্তমূলক মামলায় জড়িয়ে পড়েছি। মামলায় যা হয় হবে।’ মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল করেছেন কি না, জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। একই ধরনের কথা বলেন অপর আসামি বাবুল মিয়া।
জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখলাকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদন গুরুতর অপরাধ। এঁদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’