মৃত ব্যক্তির প্রতিষ্ঠানের মালিক সেজে টাকা উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে এক মৃত ব্যক্তির মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক সেজে তাঁর বড় ভাই ভুয়া হিসাব নম্বর খুলে ব্যাংক থেকে সাড়ে ১৩ লাখ টাকা উত্তোলন করেছেন। এই ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম মেসার্স প্রমিনেন্ট কনস্ট্রাকশন। এর স্বত্বাধিকারী ছিলেন রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক প্রশাসক জিয়াউল হক। ২০১৬ সালের ২৪ এপ্রিল তিনি নিজ কার্যালয়ে গুলিতে নিহত হন। তবে জিয়াউলের বড় ভাই আজমল হক দাবি করেন, তিনি ওই টাকা তুলে জিয়াউলের দেনা পরিশোধ করেছেন।

এদিকে জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলনের বিষয়টি জানার পর জিয়াউলের স্ত্রী নূরুন্নাহার সংশ্লিষ্ট ব্যাংকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, জিয়াউলের মৃত্যুর পর তাঁর স্ত্রী নূরুন্নাহার, ছেলে ফাহিম ফয়সাল ও মাহীর ফয়সাল আদালতের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সব লেনদেন করার আইনগত ক্ষমতা পান। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে তাঁদের একটি বিল ছিল। এ জন্য নূরুন্নাহার স্বামীর মৃত্যুর পর গত বছরের ৬ জুন রেলওয়ের সরঞ্জাম নিয়ন্ত্রক/পশ্চিমে কার্যালয়ে মেসার্স প্রমিনেন্ট কনস্ট্রাকশনের মালিকানা পরিবর্তনের কাগজপত্র দিয়ে স্বামীর প্রতিনিধি হিসেবে অসমাপ্ত কাজ সম্পন্ন করার আবেদন করেন। রেলওয়ে কর্তৃপক্ষ গত বছরের ১২ জুন তাঁকে উত্তরাধিকার হিসেবে ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্য পরিচালনার অনুমতি দেয়। গত ২৩ ফেব্রুয়ারি এই কাজের একটি বিল হয়, যার বই নম্বর ১০৬০২৬ ও চেক নম্বর ৫৩০১২৭৬ এবং টাকার পরিমাণ ১৩ লাখ ৫২ হাজার ৯৯০। পরে জানা যায়,জিয়াউলের স্বাক্ষর জাল করে চেকটি উত্তোলন করা হয়েছে ও মেঘনা ব্যাংকের রাজশাহী শাখায় মেসার্স প্রমিনেন্ট কনস্ট্রাকশনের নামে ভুয়া হিসাব নম্বর খুলে ওই টাকা তুলে নেওয়া হয়েছে। পরে নুরুন্নাহার ২ এপ্রিল রেলওয়ে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ৪ এপ্রিল রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন।

টাকা উত্তোলনের বিষয়ে জানতে চাইলে মেঘনা ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক হেলাল উদ্দিন বলেন, তিনি এই শাখায় যোগদানের আগে এ ঘটনা ঘটেছে। তিনি শুনেছেন জিয়াউলের বড় ভাই আজমল হক দায়িত্ব নিয়েই এ কাজ করেছেন।

এ ব্যাপারে আজমল বলেন, ভাইয়ের লাশের পাশে দাঁড়িয়ে তিনি (আজমল) বলেছিলেন, ভাইয়ের ঋণ থাকলে পরিশোধ করবেন। কিন্তু জিয়াউলের স্ত্রী দেনা পরিশোধ করতে চাচ্ছিলেন না। তাই তিনি বাধ্য হয়ে অনিয়ম করে হলেও ভাইয়ের দেনা পরিশোধ করতে এ কাজ করেছেন। এটা তাঁদের পরিবারের সবাই জানে। এমনকি সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশাও জানেন। কয়েক দিনের মধ্যে এ নিয়ে বসার কথা রয়েছে। কোনো ব্যবসায়ীকে টাকা দিয়েছেন? জানতে চাইলে তিনি বলেন, সুজন নামের এক ব্যবসায়ী তাঁর ভাইয়ের ব্যবসায়ের অংশীদার ছিলেন। তাঁকে দিয়েছেন। সুজনের কাছে তাঁর ভাইয়ের সই করা চেকও ছিল। তাতে টাকার অঙ্ক বসানোই ছিল।

এ ব্যাপারে নূরুন্নাহার বলেন, ‘আমার স্বামীর ব্যবসাপ্রতিষ্ঠানে সই করা চেক ছিল। মৃত্যুর পর তাঁরা তা হাতিয়ে নিতে পারেন। সুজনের যে সামাজিক অবস্থান, তাতে আমার স্বামীর কাছে তাঁর এত টাকা পাওয়ার প্রশ্নই ওঠে না। দুটি সন্তান নিয়ে এখন আমি অসহায়। পরিবারের সদস্যরাও আমাকে হুমকি দিচ্ছেন।’