মৃত শিশুকে আইসিইউতে রেখে টাকা আদায়ের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত শিশুকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে টাকা আদায়ের চেষ্টা করছিল জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। আজ বুধবার র‍্যাব, স্বাস্থ্য অধিদপ্তর ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের সম্মিলিত অভিযানের সময় হাতেনাতে এই অনিয়মটি ধরা পড়ে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে একজন চিকিৎসকসহ ছয়জনকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শিশুটির নাম সুমাইয়া সাবাহ। বয়স এক বছর চার মাস।

দণ্ডপ্রাপ্তরা হলেন চিকিৎসক শরিফুজ্জামান এবং মো. নজরুল ইসলাম, মো. কাওসার, মোছা. লিজা, সতেশ মণ্ডল ও সুমন মণ্ডল।

এক প্রশ্নের জবাবে অভিযানে যাওয়া র‍্যাব-২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, হাসপাতালের প্রধান নির্বাহী (সিইও) সামিউল হাসান দাবি করেছেন যে এমন কোনো ঘটনা ঘটার কথা তিনি জানতেন না। তাই তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে হাসপাতালটির সিইও সামিউল হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। প্রত্যেকবারই অভ্যর্থনায় থাকা কর্মচারী মো. ফিরোজ বলেন, ‘স্যার ব্যস্ত আছেন। তাঁর মোবাইল নম্বর দেওয়া নিষেধ।’

অভিযানে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক চিকিৎসক মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘নিয়মকানুন মেনে আইসিইউ চলছে কি না দেখতে আমরা ভেতরে ঢুকি। গিয়ে শিশুটিকে দেখতে পাই। পরীক্ষা করে দেখি সে আগেই মারা গেছে। কিন্তু সে সময়ও তার ভেন্টিলেটর চলছিল। একটু পরপর রোগীর আত্মীয়-স্বজনকে স্যালাইন ও ওষুধ কিনতে পাঠানো হচ্ছিল।’ তিনি বলেন, শিশুটি নিউমোনিয়ায় ভুগছিল। এ ছাড়া তার রক্তে সংক্রমণ ও মস্তিষ্কে মেনিনজাইটিস হয়ে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, শিশুটি গতকাল মঙ্গলবার রাতেই মারা গেছে। ভ্রাম্যমাণ আদালতের জেরার মুখে কর্তব্যরত চিকিৎসক বলেন, অভিযান চলার সময়ই শিশুটি মারা যায়। এর আগে নয়।

শিশু সুমাইয়ার মামি হাসিনা কবীর অভিযোগ করেন, ‘আজ দুপুরের দিকে সুমাইয়াকে অন্য হাসপাতালে নিয়ে যেতে চাপাচাপি করতে শুরু করে হাসপাতাল। আমরা অ্যাম্বুলেন্স চাইলে তাও দেয়নি। পরে তো জানলাম সুমাইয়া আগেই মারা গেছে।’ তবে পরিবার কোনো মামলা করবে না বলে জানিয়েছেন তিনি। তাঁরা ময়নাতদন্তও করাননি।

এদিকে র‍্যাব-২-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিইউতে তাঁরা একজন অনভিজ্ঞ চিকিৎসককে পেয়েছেন। সংকটাপন্ন অবস্থায় আসা শিশুটির জন্য মেডিকেল বোর্ড গঠনের কথা থাকলেও তা করা হয়নি। দোষ স্বীকার করায় ছয়জনকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-২-এর উপপরিচালক মো. দিদারুল আলম ও উপপরিচালক মেজর মো. আতাউর রহমান।