মৃত স্ত্রীকে জীবিত দেখিয়ে জমি নিবন্ধন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর দেড়েক আগে এক নারী মারা গেছেন। সেই নারীর জমি গত মাসে তাঁর স্বামীর নামে নিবন্ধন করিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ওই নারীর এক প্রতিবেশী ভূমি মন্ত্রণালয়সহ স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এরপর জালিয়াতির ঘটনাটি জানাজানি হলে স্বামী আবদুস ছাত্তার জমিটি না-দাবিনামা নিবন্ধন করে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে নওগাঁর বদলগাছি উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে।

৪ জানুয়ারি প্রতিবেশী ফরিদুল ইসলামের দেওয়া ওই লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মিঠাপুর ইউনিয়নের (ইউপি) পাঁড়োরা গ্রামের আবদুস ছাত্তারের স্ত্রী আশেদা বেগম ২০১৫ সালের ৪ জুলাই মারা যান। ইউপির মৃত্যু নিবন্ধন বইয়ে আশেদার মৃত্যুর তারিখ উল্লেখ রয়েছে। তাঁর নামে বেশ কিছু জমি রয়েছে। আশেদা মারা যাওয়ার তিন মাস পর ছাত্তার দ্বিতীয় বিয়ে করেন। এরপর আশেদা বেগমের নামে থাকা ৩৫ শতক জমি গত বছরের ২৭ ডিসেম্বর ছাত্তারের নামে হেবা দলিলে নিবন্ধন করিয়ে নেওয়া হয় (দলিল নম্বর ৫৭৯৪)। ওই হেবা দলিলের লেখক হেলাল হোসেন। পাড়োরা গ্রামের আবদুস সামাদ মণ্ডলের ছেলে জুয়েল হোসেন ওই দলিলে শনাক্তকারী।

উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয় সূত্রে জানা যায়, ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ার পর ৮জানুয়ারি দলিলগ্রহীতা আবদুস ছাত্তারের কাছ থেকে ওই জমির না-দাবিনামা দলিল নিবন্ধনকরিয়ে নেওয়া হয় (দলিল নম্বর ১৫৬)। এ ঘটনায় ওই দিনই সাব-রেজিস্ট্রার দলিল লেখক হেলাল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেন। একই সঙ্গে আগামী এক মাস তাঁকে দলিল লেখা থেকেবিরত থাকতে বলেন।

সাব-রেজিস্ট্রার সহিদুল ইসলাম দাবি করেন, দলিল সম্পাদনের সময় যে ব্যক্তি উপস্থিত ছিলেন তাঁর ছবি ও জাতীয় পরিচয়পত্র দলিলের সঙ্গে দেওয়া ছিল। তাই দলিলকরা হয়েছে। পরে দলিল লেখক হেলালউদ্দিন দলিলের ছবি পরিবর্তন করে মৃত নারীর ছবি লাগিয়েছেন। ঘটনাটি জানাজানির পর দলিলগ্রহীতা এসে জমিটি না-দাবিনামা নিবন্ধন করে দিয়েছেন। জালিয়াতির দায়ে দলিল লেখককে কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি ৮ জানুয়ারি থেকে এক মাসের জন্য দলিল লেখা থেকে বিরত রাখা হয়েছে।      

তবে দলিল লেখক হেলাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি একা এ ঘটনার সঙ্গে জড়িত নই। এখন ঘটনাটি প্রকাশ পেয়েছে বলে আমার ঘাড়ে দোষ পড়ছে। তা ছাড়া গ্রহীতা তো জমিটি ফিরিয়ে দিয়েছেন।’ দলিলে শনাক্তকারী জুয়েল হোসেন বলেন, ‘আমি কোনো দলিলে শনাক্তকারী হয়েছি বলে মনে পড়ছে না।’

বদলগাছির ইউএনও হুসাইন শওকত বলেন, ‘মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি নিবন্ধনের বিষয়টি জালিয়াতির পর্যায়ে পড়ে। এ রকম একটি অভিযোগ পেয়েছিলাম। সাব-রেজিস্ট্রারকে তা জানিয়েছিলাম।’