নারায়ণগঞ্জে জঙ্গিবিরোধী অভিযানে নিহত একজনের মরদেহের ছবি দেখে তাঁকে নিজের ছেলে বলে দাবি করেছেন যশোর সদর উপজেলার কাজী হাবিবুল্লাহ।
গতকাল রোববার সকালে যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া গ্রামে হাবিবুল্লাহর বাড়িতে মরদেহের ছবি নিয়ে সাংবাদিকেরা গেলে হাবিবুল্লাহ তাঁর ছেলেকে শনাক্ত করেন। তিনি বলেন, ‘এ আমারই ছেলে। আমরা লাশ নেওয়ার জন্য পুলিশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। ডিএনএ পরীক্ষার জন্য আমাদের ঢাকায় যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।’
কাজী হাবিবুল্লাহ যশোর উপশহর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি ২০১১ সালে অবসর নেন। ফজলে রাব্বী তাঁর একমাত্র ছেলে। তিনি জানান, গতকাল সকালে গোয়েন্দা সংস্থার দুজন সদস্য তাঁর বাড়িতে যান। তাঁরা পরিবারের সদস্যদের সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে চলে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, রাব্বি ২০১১ সালে যশোর জিলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে মাধ্যমিক এবং ২০১৩ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সর্বশেষ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পরিবারের ভাষ্য, গত ৫ এপ্রিল সকালে কলেজে যাওয়ার কথা বলে রাব্বি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। পরে জানা গেছে, বাড়ি ছাড়ার আগে কলেজে নিজের ভর্তি বাতিল করে কাগজপত্র তুলে নেন।
রাব্বির বাবা হাবিবুল্লাহ গত ৭ এপ্রিল যশোরের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে কিসমত নোয়াপাড়া বিশ্বাসবাড়ি মসজিদের ইমাম মো. ইয়াহিয়াসহ চারজনের নাম উল্লেখ করেন, যাদের কাছে তাঁর ছেলের যাতায়াত ছিল। এই জিডির পর ইয়াহিয়াকে ওই মসজিদ থেকে অপসারণ করা হয়। রাব্বির নিখোঁজের বিষয়ে স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন বাবা। এ ছাড়া জঙ্গিদের ব্যাপারে তথ্য চেয়ে গত মাসে যশোরের একটি পোস্টার লাগানো হয়। তাতে নিখোঁজ পাঁচ সন্দেহভাজন জঙ্গির ছবি দেওয়া হয়। যাদের একজন ফজলে রাব্বী।
কিসমত নোয়াপাড়ার কয়েকজন বাসিন্দা বলেন, রাব্বি এলাকার কারও সঙ্গে তেমন মিশতেন না। এলাকায় তাঁর কোনো বন্ধু ছিল না। প্রায় সারা দিনই বাড়িতে থাকতেন। নামাজের সময় হলে মসজিদে যেতেন। মসজিদের ইমাম মো. ইয়াহিয়ার সঙ্গে তাঁর সখ্য ছিল।
মো. ইয়াহিয়া পাশের গ্রাম বাহাদুরপুর দারুরছুন্নাহ মাদ্রাসার ও এতিমখানায় শিক্ষকতা করেন। গতকাল সেখানে গিয়ে তাঁর সঙ্গে প্রথম আলোর প্রতিবেদকের কথা হয়। মো. ইয়াহিয়া দাবি করেন, ফজলে রাব্বি নিয়মিত মসজিদে নামাজ পড়তে আসতেন। নামাজ শেষে তিনি মসজিদে কিছুক্ষণ থাকতেন। তখন ইসলামের নানা মাসালা বা নিয়মকানুন সম্পর্কে জানতে চাইতেন। তিনি বলেন, ‘নিখোঁজ হওয়ার চার-পাঁচ মাস আগে থেকে রাব্বির মসজিদে আসা অনিয়মিত হয়ে যায়। মাঝেমধ্যে যখন আসত তখন দেখতাম, নামাজের নিয়ম বদলে ফেলেছে। আহলে হাদিসের অনুসারীদের মতো নামাজ পড়ছে।’
জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক প্রথম আলোকে বলেন, ফজলে রাব্বির পরিবার দাবি করেছে, নারায়ণগঞ্জে অভিযানে নিহত জঙ্গিদের মধ্যে তাদের ছেলেও রয়েছে। লাশ শনাক্ত করার জন্য স্বজনদের ঢাকায় গিয়ে ডিএনএ পরীক্ষা করানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে।