মৃত্যু সনদ না পেয়ে স্বজনদের হাসপাতাল ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যাওয়ার চার ঘণ্টা পরও মৃত্যু সনদপত্র না পেয়ে মৃতের ক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালে কেবিন ভাঙচুর করেছেন। মৃত ব্যক্তির নাম ইমান আলী (৬৫)। তিনি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন।
এ প্রসঙ্গে মৃত ইমান আলীর মেয়ে হাফিজা বেগম প্রথম আলোকে বলেন, হাসপাতালে ঘুরে চিকিত্সক না পাওয়ায় বাবার মৃত্যু সনদ পাননি তাঁরা। এ কারণে বাবার লাশও নিতে পারছিলেন না।
হাসপাতাল সূত্র জানিয়েছে, ক্যানসারে আক্রান্ত ইমান আলী সাড়ে তিন মাস আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৫৩ নম্বর কেবিনে ভর্তি হয়েছিলেন। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।
হাসপাতাল আনসার কমান্ডার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মৃত্যু সনদের কারণে লাশ নিতে না পারায় স্বজনেরা ক্ষুব্ধ হয়ে রাত সাড়ে ১১ টার দিকে ওই কেবিনে ভাঙচুর চালান।