মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
স্বেচ্ছাসেবক লীগের মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়াকে (৩৬) পুলিশ গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে মৌলভীবাজার শহরের দরগা মহল্লা এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে ফেঞ্চুগঞ্জ উপজেলার কুচবহর গ্রামে যাত্রা অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় অদুদ নামের এক ব্যক্তি মারা যান। এ ঘটনায় সেই সময় করা হত্যা মামলার প্রধান আসামি ছিলেন মো. শাহজাহান মিয়া। ২০০৬ সালে সিলেটের জেলা ও দায়রা জজ ওই মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেন। ঘটনার পর তিনি পলাতক ছিলেন। মৌলভীবাজার সদর থানা পুলিশের সহায়তায় সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে সিলেট জেলা কারাগারে পাঠানো হয়।
শাহজাহান মিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার কুচবহর গ্রামের ওস্তার মিয়ার ছেলে। তিনি মৌলভীবাজার শহরে বসবাস করছেন। গত ২১ জুন স্বেচ্ছাসেবক লীগ মৌলভীবাজার জেলা কমিটির সম্মেলনে তিনি সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন।
স্বেচ্ছাসেবক লীগ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মো. নজমুল হক বলেন, ‘আমাদের পূর্ণাঙ্গ জেলা কমিটির অনুমোদনের কপি এখনো হাতে আসেনি। তবে কেন্দ্র থেকে মৌখিকভাবে জেনেছি, জেলা কমিটির সাত সাংগঠনিক সম্পাদকের একজন সে। সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বা তার বিরুদ্ধে মামলা আছে—এটা আমরা জানতাম না।’
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর বলেন, তিনি (শাহজাহান মিয়া) অদুদ হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি ছিলেন। সিলেটের বিজ্ঞ জেলা ও দায়রা জজ তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তিনি এতদিন পলাতক ছিলেন।