নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি র্যা ব-১১-এর সাবেক সদস্য সৈনিক আবদুল আলিম নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেছেন।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন আলিম। পরে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন জামিন আবেদনের শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (পিপি) রিয়াজুর রহমান তালুকদার বলেন, আসামি আবদুল আলিম আদালতে আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ দাবি করেন এবং জামিনের আবেদন করেন। বেলা একটার দিকে তাঁকে জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে হাজির করা হলে বিচারক সৈয়দ এনায়েত হোসেন জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৬ জানুয়ারি সাত খুন মামলার রায়ে র্যা ব-১১-এর সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন, এম এম রানা এবং মামলার প্রধান আসামি নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন জেলা ও দায়রা জজ আদালত। মামলার রায়ের সময় দণ্ডপ্রাপ্ত পলাতক ১২ আসামির মধ্যে ৮ জন ছিলেন র্যা বের সদস্য। পলাতকদের মধ্যে ৫ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সার্জেন্ট এনামুল কবিরকে গ্রেপ্তার করে মাগুরা পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর আবদুল আলিম আদালতে আত্মসমর্পণ করলেন।
বর্তমানে সাত খুন মামলার দণ্ডপ্রাপ্ত ১০ আসামি পলাতক। এর মধ্যে র্যা বের সদস্য ছিলেন ছয়জন।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়।