মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পলাতক আসামির লাশ উদ্ধার
নোয়াখালীর সোনাইমুড়ী থেকে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পলাতক এক আসামির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মো. মানিক ওরফে মানিক ডাকাতি, খুন ও ধর্ষণের ঘটনায় করা একটি মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পলাতক আসামি বলে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান জানান।
গতকাল বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের মুহিদখোলা গ্রামের ছোটপুকুরি এলাকা থেকে মানিকের লাশ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা মানিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সিকদার হাসান ইমাম।
পুলিশ জানায়, নিহত মানিক বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের জহরপাড়া গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে।
দেওটি ইউনিয়ন পরিষদের সদস্য গোলজার হোসেন ঘটনাস্থল থেকে প্রথম আলোকে জানান, লাশ রাস্তায় পড়ে ছিল। এলাকার লোকজন লাশটি মানিকের বলে শনাক্ত করেন। ধারালো অস্ত্রের আঘাতে ডান পায়ের হাঁটু বিচ্ছিন্ন করে এবং গলা কেটে মানিককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান, নিহত মানিকের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় খুনসহ ডাকাতি ও ধর্ষণের মামলা রয়েছে। একটি মামলায় ফাঁসির পরোয়ানা রয়েছে। মানিক দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে ডাকাতি, চাঁদাবাজি, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন।