মৃত্যুদণ্ডের সাজায় দেশ ধর্ষণ মুক্ত হবে, বিশ্বাস প্রতিমন্ত্রীর
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা বলেছেন, তিনি বিশ্বাস করেন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদনড করে আইন সংশোধনের মাধ্যমে দেশ ধর্ষণ মুক্ত হবে।
আজ সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এই কথা বলেন। এর আগে ধর্ষণের অপরাধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা । এত দিন এই অপরাধের সর্বোচ্চ সাজা ছিল যাবজ্জীবন । কাল সোমবার অধ্যাদেশ জারির মাধ্যমে এটি আইনে পরিণত হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। এ জন্য ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি উঠে।
প্রতিমন্ত্রী বলেন, এই আইনের খসড়া অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নারীর ক্ষমতায়ন আরেক ধাপ এগিয়েছে। একই সঙ্গে ধর্ষণের প্রতিবাদে যারা সোচ্চার হয়েছেন, রুখে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী ।