মৃত্যুর ১৪ দিন পর লাশ দিল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে অসুস্থ হয়ে মারা যাওয়ার ১৪ দিন পর এক বাংলাদেশি যুবকের লাশ গত বৃহস্পতিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হস্তান্তর করেছে। এছাড়া নয়দিন আগে গুলিতে নিহত আরও এক ব্যক্তির লাশ এখনো ভারত ফেরত দেয়নি।
বৃহস্পতিবার রাতে যাঁর লাশ হস্তান্তর করা হয়েছে তাঁর নাম আরিফুল ইসলাম (২৮)। রাজশাহীর পবা উপজেলার মাঝাড়দিয়ার এলাকার নজির উদ্দিনের ছেলে তিনি। লাশ হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজশাহী নগরের রাজপাড়া থানার এসআই মুজাহিদুর রহমান।
এসআই মুজাহিদুর রহমান বলেন, আরিফুলের খালার বাড়ি সীমান্তের ওপারে ভারতের কাহারপাড়া গ্রামে। তিনি সেখানে অসুস্থ হয়ে ৩ জুন মারা যান। এসআই আরও বলেন, ৯ জুন গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে ভারতীয় সীমান্তে নিহত হন গরুর রাখাল মধু মিঞা (৩২)। তাঁর লাশ এখনো বিএসএফ হস্তান্তর করেনি।