মৃত্যুর ৯ বছর পর নিবন্ধন বাতিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মৃত্যুর ৯ বছর পর এক কাজির নিবন্ধন বাতিল করেছে আইন ও বিচার বিভাগ। ওই পদে অস্থায়ী দায়িত্ব পালন করছেন কাজির ছেলে মাহমুদুল হাসান। তিনি বলেন, টাকা না পেয়ে জেলা রেজিস্ট্রার তাঁকে সরানোর জন্য তাঁর বাবার নিবন্ধন বাতিল করিয়েছেন।

উপজেলারদুর্গাপুর ইউনিয়নের প্রয়াত ওই কাজির (নিকাহ রেজিস্ট্রার) নাম সুলতান আহম্মেদ। ২০০৮ সালের ২৫ জানুয়ারি তিনি মারা যান। বাল্যবিবাহ রেজিস্ট্রি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সুলতান আহম্মেদকে ২০০৭ সালের ১৪ নভেম্বর তৎকালীন নিকাহ রেজিস্ট্রার কারণ দর্শানোর নোটিশ দেন। এর জবাব না পাঠানোয় ২০১৬ সালের ২১ ডিসেম্বর তাঁর নিবন্ধন বাতিলের আদেশ দেন আইন ও বিচার বিভাগের (বিচার শাখা-৭) সিনিয়র সহকারী সচিব জি এম নাজমুছ শাহাদাৎ। এরপর জেলা রেজিস্ট্রার সরকার লুৎফুল কবীর গত ২০ ফেব্রুয়ারি দুর্গাপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রারের শূন্য পদে ভেলাবাড়ী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মো. এজাজুল ইসলামকে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এর প্রতিবাদে গত বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা রেজিস্ট্রারের কার্যালয় প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন প্রয়াত কাজি সুলতান আহম্মেদের ছেলে ও দুর্গাপুর ইউনিয়নের অস্থায়ী কাজি মাহমুদুল হাসান।

সংবাদ সম্মেলনে মাহমুদুল হাসান বলেন, তাঁর বাবার মৃত্যুর পর উপযুক্ত তথ্যপ্রমাণ ও আবেদনের পরিপ্রেক্ষিতে তৎকালীন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম তাঁকে কাজির পদে নিয়োগ দেন। তৎকালীন জেলা প্রশাসকের আদেশের পরিপ্রেক্ষিতে তৎকালীন জেলা রেজিস্ট্রার আবুল কালাম ইয়াহিয়া ২০০৮ সালের ১১ মার্চে তাঁকে নিবন্ধন দেন। তিনি এখন পর্যন্ত এ দায়িত্ব পালন করছেন। তিনি অভিযোগ করেন, জেলা রেজিস্ট্রার তাঁর (মাহমুদুল) কাছে টাকা চেয়েছিলেন। টাকা না পাওয়ায় জেলা রেজিস্ট্রার তাঁকে পরিকল্পিতভাবে দায়িত্ব থেকে সরানোর পাঁয়তারা করছেন। তিনি নিবন্ধন বাতিলের আদেশের কার্যকারিতা বন্ধ করাসহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে জেলা রেজিস্ট্রার সরকার লুৎফুল কবীর বলেন, মাহমুদুল হাসানের অভিযোগ সত্য নয়।