মৃধাকে বাদ দিয়ে আরও দুই মামলায় অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগে দুর্নীতির আরও দুই মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) বরখাস্ত হওয়া ইউসুফ আলী মৃধাকে বাদ দিয়ে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল সোমবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. মশিউর রহমান চৌধুরীর আদালতে রেলে শরীরচর্চা শিক্ষক ও ট্রেড অ্যাপ্রেনটিস (রেলওয়ে কারখানার শিক্ষানবিশ কর্মী) পদে নিয়োগে দুর্নীতির দুই মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ২৪ মার্চ অভিযোগপত্র দুটি গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।

এ নিয়ে মোট আটটি মামলায় মৃধাকে অব্যাহতি দিল দুদক। তাঁর বিরুদ্ধে রেলে নিয়োগের ছয়টি মামলার বিচার চলছে চট্টগ্রাম আদালতে। এ ছাড়া রাজধানীর রমানা থানায় সম্পদের তথ্য গোপনের একটি মামলা রয়েছে। মৃধা বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

২০১২ সালের ৯ এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাওয়ার পথে টাকার বস্তাসহ আটক হন মৃধা। এরপর রেলে নিয়োগে দুর্নীতির অনুসন্ধানে নামে দুদক।

দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, রেলে শরীরচর্চা শিক্ষক ও ট্রেড অ্যাপ্রেনটিস পদে নিয়োগে দুর্নীতির দুই মামলার তদন্তে মৃধার বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামলার এজাহারে মৃধার নাম থাকলেও অভিযোগপত্রে না থাকায় দুদকের পক্ষ থেকে কোনো নারাজি আবেদন করা হবে কি না—এই প্রশ্নের জবাবে দুদকের আইনজীবী কোনো মন্তব্য করতে রাজি হননি।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৭ এপ্রিল নগরের কোতোয়ালি থানায় দুদক ঢাকা কার্যালয়ের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বাদী হয়ে শরীরচর্চা শিক্ষক পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে এ মামলা করেন।