মেঘনা দখলে 'মদিনা'র সঙ্গে পাল্লা দিচ্ছে এলাকাবাসীও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মদিনা গ্রুপ সোনারগাঁয়ের ইসলামপুরে মেঘনা নদীর তীর দখল করে তাদের মালামাল ওঠানামা করার জন্য জেটি নির্মাণ করেছেন। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
মদিনা গ্রুপ সোনারগাঁয়ের ইসলামপুরে মেঘনা নদীর তীর দখল করে তাদের মালামাল ওঠানামা করার জন্য জেটি নির্মাণ করেছেন। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ইসলামপুর এলাকায় মেঘনা নদীর প্রায় আড়াই বিঘা জমি দখল করেছে বেসরকারি প্রতিষ্ঠান মদিনা গ্রুপ। প্রতিষ্ঠানটি দখলকৃত জমির পাশের আরও আড়াই বিঘারও বেশি জমি ভরাট করার চেষ্টা করছে। এতে বাধা দিচ্ছে এলাকাবাসী। অবশ্য এলাকাবাসী প্রভাবশালীদের ছত্রছায়ায় ওই জমি ভরাট করে দখলের চেষ্টা চালাচ্ছে।
গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, মেঘনা সেতু থেকে মাত্র ২০০ মিটার দূরে পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় প্রায় আড়াই বিঘা জমি দখল করে সেখানে জেটি নির্মাণ করেছে মদিনা গ্রুপ। প্রতিষ্ঠানটির মালিক ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিম। মেঘনাঘাট এলাকার ইসলামপুরে হাজি সেলিমের টাইগার সিমেন্টের একটি কারখানা রয়েছে। এক বছর আগে ওই কারখানার মালামাল নদীপথে আনা-নেওয়ার জন্য মেঘনার আড়াই বিঘা জায়গা বালু দিয়ে ভরাট করে সেখানে জেটি নির্মাণ করা হয়।
স্থানীয় ব্যক্তিরা জানান, এক বছর আগে প্রশাসনের বিনা বাধায় নদীর জায়গা দখল করার পর এখন মদিনা গ্রুপ নদীতীরের আরও আড়াই বিঘার বেশি জায়গা দখলের চেষ্টা করছে। আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতাদের মাধ্যমে জায়গাটি ভরাট করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। তবে গ্রামবাসীর প্রতিরোধের কারণে তা করতে পারছে না। সর্বশেষ এক সপ্তাহ আগে ইসলামপুর গ্রামের কয়েকজন ভূমিহীন মানুষের নামে ওই গ্রামের কয়েকজন প্রভাবশালী খননযন্ত্র (ড্রেজার) বসিয়ে নদী দখল শুরু করেন। এ নিয়ে গত রোববার স্থানীয় যুবলীগের কর্মীদের সঙ্গে গ্রামবাসীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সব ধরনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে নদী ও সরকারি সম্পত্তি দখলের প্রমাণ পেয়ে ওই স্থানে সব ধরনের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।’
এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহ ধরে গ্রামবাসী নদীতে খননযন্ত্র বসিয়ে নদী ভরাট করতে শুরু করে। রোববার রাতে মদিনা গ্রুপের পক্ষ নিয়ে নিয়ে যুবলীগের স্থানীয় কর্মী মিলন মিয়া, তপন হোসেন, কামাল মিয়া ও স্বপন মিয়ার নেতৃত্বে কয়েকজন এতে বাধা দেন। এ সময় গ্রামবাসী উত্তেজিত হয়ে যুবলীগের কর্মীদের বহনকারী গাড়ি ভাঙচুর করে। একপর্যায়ে গ্রামবাসীর ধাওয়া খেয়ে যুবলীগ কর্মীরা ফিরে যান। পরদিন সোমবার গ্রামবাসী তাদের ভরাট করা জমিতে জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সময় তারা যুবলীগ কর্মী ও মদিনা গ্রুপের বিরুদ্ধে নানা স্লোগান দেয়।
ইসলামপুর গ্রামের বাসিন্দা ধনু মিয়া, ইমান আলী ও জিয়াসমিন আক্তার বলেন, ‘এ গ্রামের অনেকে ভূমিহীন। যেহেতু মদিনা গ্রুপ নদী ভরাট করে দখল করেছে, তাই আমরাও আমাদের গ্রামের পাশের নদীর এ জায়গাটি বালু দিয়ে ভরাট করে বাড়িঘর নির্মাণ করতে চাচ্ছি।’
তাঁরা আরও বলেন, ‘নদীর এ জায়গাটি মদিনা গ্রুপ দখল করতে চায়। তবে আমরা জমি ভরাট করায় মদিনা গ্রুপের পক্ষÿনিয়ে যুবলীগের কর্মীরা আমাদের গ্রামের নারী-পুরুষদের লাঞ্ছিত করেছেন। এ কারণে আমরা তাঁদের ধাওয়া করেছি।’
গ্রামের নূরবানু ও আমিন উদ্দিন বলেন, ‘তাঁরা এমপি দেইখ্যা নদী দখল করব, আমরা করলে বাধা দিব, এইড্যা আবার কোন রকমের কথা। আমরা এই জায়গায় বাড়ি কইরা থাকমু।’
জানতে চাইলে মদিনা গ্রুপের উপমহাব্যবস্থাপক আবদুল হাকিম বলেন, ‘গ্রামবাসী নদীর জায়গা দখল করে নিচ্ছে। এ ব্যাপারে আমরা থানায় অভিযোগ দিয়েছি। আমরা জমি ক্রয় করে নদীর তীর ভরাট করেছি। প্রশাসন থেকে আমাদের কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আমরা দখলের সঙ্গে জড়িত নই।’
যুবলীগের কর্মী কামাল হোসেন বলেন, ‘অন্যায়ভাবে নদীর জায়গা দখল করার কারণেই আমরা গ্রামবাসীকে বাধা দিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঞা বলেন, মেঘনা নদী দখল হওয়ার অভিযোগ পেয়ে তদন্ত করে প্রমাণ পেয়েছি। দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মদিনা গ্রুপ কী পরিমাণ সরকারি জায়গা বা নদী দখল করেছে, তা পরিমাপ করে তাদের বিরুদ্ধে উচ্ছেদ মামলা করা হবে।’