মেঘনা নদীতে অবাধে ইলিশ শিকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সরকার ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করলেও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাপাড়ের জেলেরা তা জানেন না। গতকাল উপজেলার নুনেরটেক এলাকায় মেঘনা নদী থেকে ইলিশ ধরছেন জেলেরা l ছবি: প্রথম আলো
১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সরকার ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করলেও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাপাড়ের জেলেরা তা জানেন না। গতকাল উপজেলার নুনেরটেক এলাকায় মেঘনা নদী থেকে ইলিশ ধরছেন জেলেরা l ছবি: প্রথম আলো

ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে সব নদীতে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ করেছে। তবে এ বিষয়ে প্রচারণা না থাকায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে চলছে অবাধে ইলিশ মাছ আহরণ।
গতকাল শুক্রবার দুপুরে এ প্রতিবেদক মেঘনা নদীর বৈদ্যেরবাজার লঞ্চঘাট থেকে ট্রলারযোগে নুনেরটেক, মেঘনা সেতু এলাকা ও চরকিশোরগঞ্জ এলাকায় যান। নদীর প্রায় ১৬ কিলোমিটার এলাকাজুড়ে শতাধিক কারেন্ট জাল ফেলে জেলেরা মাছ শিকার করছেন। এ সময় কয়েকজন জেলে বলেন, গত কয়েক দিনে হঠাৎ করে ইলিশের দাম বেড়েছে। জেলেরাও ইলিশ ধরায় উৎসাহিত হয়ে উঠেছেন। অন্য যেকোনো সময়ের তুলনায় নদীতে জেলেদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
মাছ ধরায় ব্যস্ত উপজেলার নুনেরটেক গ্রামের জেলে নেকবর আলী ও নোয়াব মিয়া বলেন, ইলিশ মাছ ধরার বিষয়ে এখন সরকারের কোনো নিষেধাজ্ঞা আছে কি না তা তাঁরা জানেন না। তাঁরা বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো জেলেকে জানানো হয়নি। মৎস্য বিভাগের কোনো কর্মকর্তা নদীতে আসেননি বা মাইকিংও করা হয়নি।
চরকিশোরগঞ্জ গ্রামের জেলে ইজ্জত আলী ও শাহীন মিয়া বলেন, ‘সরকার ইলিশ মাছ ধরতে আমাদের এলাকায় নিষিদ্ধ করেনি। আমরা সারা বছর ধরেই নদীতে মাছ ধরি।’
বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামের জেলে নারায়ণ চন্দ্র ও বিকাশ চন্দ্র বলেন, ‘নদীতে মাছ ধরতে না পারলে পরিবার-পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে। মাছ ধরা বন্ধ করলে অন্যরা সরকারের কাছ থেকে সাহায্য পায়। আমরা তো কোনো সাহায্য পাই না।’
এদিকে নদীতে অবাধে জাল ফেলে ইলিশ শিকারের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের প্রধান মাছের আড়ত হিসেবে পরিচিত বৈদ্যেরবাজার ফিশারিজ ঘাট ও স্থানীয় মোগড়াপাড়া চৌরাস্তা মাছের বাজারে। গতকাল এসব মাছের বাজার ঘুরে দেখা যায়, অবাধে জাটকাসহ মা ইলিশ বিক্রি করা হচ্ছে।
বৈদ্যেরবাজার ফিশারিজ ঘাটের মাছ ব্যবসায়ী কামাল হোসেন বলেন, জেলেরা ইলিশ শিকার নিষিদ্ধ হওয়ার ব্যাপারে না জানলেও পাইকারেরা জানেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভয়ে দুই দিন ধরে পাইকারেরা ইলিশ নিয়ে ঢাকায় যাচ্ছেন না। তাই স্থানীয় বাজারগুলোতে ইলিশের সরবরাহ বেশি।
এ ব্যাপারে জানতে গতকাল সন্ধ্যায় উপজেলা মৎস্য কর্মকর্তা মমিনুল হকের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও বন্ধ পাওয়া যায়।
ইউএনও আবু নাছের ভূঁঞা বলেন, ‘এক-দুই দিনের মধ্যে নদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে আইন অমান্যকারীদের ধরা হবে।’