মেঘনা নদীতে ইলিশ মাছ ধরে ফেরার পথে নোয়াখালীর হাতিয়ার বুড়িরচরের রহমতঘাটের কাছে চারটি ট্রলার ছিনতাই করেছে জলদস্যুরা। অপহরণ করা হয়েছে চার জেলেকেও। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার রাত সাড়ে আটটা পর্যন্ত অপহৃত জেলেদের উদ্ধার করা সম্ভব হয়নি।
একটি ট্রলারের মালিক আবুল কালাম গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার রাত আটটার দিকে মাছ ধরে ফেরার পথে রহমতঘাটের কাছে চারটি ট্রলার জলদস্যু কাউয়্যা কামাল বাহিনীর কবলে পড়ে। মাঝি-মাল্লাদের পিটিয়ে আহত করে মাছসহ চারটি ট্রলার নিয়ে যায় দস্যুরা। চারজন মাঝিকেও দস্যুরা অপহরণ করে নিয়ে যায়। তাঁরা হলেন নূর উদ্দিন, মো. রুবেল, সাহাব উদ্দিন ও রিপন মাঝি।
আবুল কালাম বলেন, অপহৃত জেলেদের উদ্ধার ও ট্রলার ফিরে পেতে তাঁরা কাউয়্যা কামাল বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। মুক্তিপণ হিসেবে কিছু টাকা দেওয়া নিয়ে দস্যুদের সঙ্গে কথা হয়। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত লুট করা মাছ, ট্রলার ও অপহৃত জেলেদের ফিরিয়ে দেয়নি দস্যুরা। অপহৃত জেলেদের ভাগ্যে কী ঘটেছে তা বোঝা যাচ্ছে না।
মাছসহ ট্রলার নিয়ে যাওয়ার ঘটনা শুনেছেন বলে জানান হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন বলেন, ডাকাতির ঘটনাটি হাতিয়া সীমানার বাইরে ঘটেছে।