মেঘনা নদীতে ট্রলারে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় মেঘনা নদীর বৈরাগীর চরের কাছে গতকাল বৃহস্পতিবার ধান ব্যবসায়ীদের ট্রলারে হামলা চালিয়ে দুই লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ট্রলারের মাঝি ও তিন ব্যবসায়ী জখম হয়েছেন।
আহত চারজন হলেন ট্রলারের মাঝি সিরাজুল ইসলাম (৫০), ধান ব্যবসায়ী মেরাজুল ইসলাম (৩৫), হেজু মিয়া (৩৬) ও মাইনুদ্দিন (৪৫)। তাঁদের বাড়ি সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে। তাঁদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজুল ইসলাম বলেন, তাঁরা বুধবার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার লুদ্দার বাজারে ধান বিক্রি করেন। ফেরার পথে গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে পূর্ব মেঘনায় বৈরাগীর চরের কাছে একদল জলদস্যু দেশীয় অস্ত্র নিয়ে ট্রলারে হানা দেয়। দস্যুরা ব্যবসায়ীদের ও মাঝিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে দুই লাখ টাকা ও ট্রলারের ইঞ্জিন লুট করে পালিয়ে যায়।