মেঘনা পেট্রোলিয়ামের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি মামলায় মেঘনা পেট্রোলিয়ামের দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে।

গ্রেপ্তার কর্মকর্তারা হলেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ফতুল্লা ডিপোর সাবেক অপারেশনস ম্যানেজার (বর্তমানে সাময়িক বরখাস্ত) শামসুল আরেফিন চৌধুরী এবং একই ডিপোর সাবেক উপব্যবস্থাপক (বর্তমানে সাময়িক বরখাস্ত) কাজী আবু জাফর।

দুদক সূত্র জানায়, রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড জ্বালানি তেল বিপণনের কাজে নিয়োজিত। নারায়ণগঞ্জের ফতুল্লা ডিপোতে কর্মরত থাকা অবস্থায় প্রতিষ্ঠানটির সাবেক ওই দুই কর্মকর্তা ৬৬ লাখ ৪১ হাজার ৪৫৩ টাকার তেল অবৈধভাবে তুলে নিয়ে অন্যত্র বিক্রি করে আত্মসাৎ করেছেন। দুদকের অনুসন্ধানে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার এবং আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় আজই নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলা করে দুদক।