মেঘনা সেতু ক্ষতিগ্রস্ত করায় চারজন আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতু ক্ষতিগ্রস্ত করে বালু উত্তোলন ও নদী ভরাট করে অবৈধভাবে বালুর ব্যবসা করার অভিযোগে যুবলীগের তিন কর্মীসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁদের আটক করা হয়।
পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কর্মকর্তারা জানান, মেঘনা সেতুর পাশাপাশি মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে সেতুর ৬, ৭, ৮ ও ৯ নম্বর পিলারের পাশে ২০ থেকে ২২ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। এ বিষয়ে গত বছরের আগস্ট মাসে যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের প্রকৌশলীদের প্রতিবেদন পেয়ে ১৫ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সেতুর দুই পাশের তিন কিলোমিটারের মধ্যে নদী থেকে সব ধরনের বালু উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। সেই সঙ্গে অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মন্ত্রীর নির্দেশের পরদিন সোনারগাঁ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বাদী হয়ে সেতু এলাকায় বালুর ব্যবসা করার অভিযোগে যুবলীগের আট কর্মীর বিরুদ্ধে মামলা করেন। ওই দিনই পুলিশ যুবলীগের চার কর্মীকে আটক করে।
এ ঘটনার পর তিন মাস পর সেতু এলাকায় আবারও অবৈধ বালু উত্তোলন ও ব্যবসা চালু হয়। এ খবর পেয়ে গত সপ্তাহে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অবৈধ বালু ব্যবসা বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশের পর গতকাল পুলিশ অবৈধ বালু ব্যবসার অভিযোগে উপজেলার পিরোজপুর ইউনিয়নের যুবলীগের কর্মী খোকন মিয়া, আলমগীর হোসেন, সেলিম মিয়া ও মহসিন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। আর সেতু এলাকায় সব ধরনের বালুর ব্যবসা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের বলেন, ওই চারজনের বিরুদ্ধে এখনো মামলা হয়নি। অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।