মেঘনা সেতু ঘেঁষে বালু উত্তোলন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালত এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে মেঘনা সেতুর তিন কিলোমিটার এলাকার মধ্যে মেঘনা নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। অবাধে বালু উত্তোলনের ফলে মেঘনা সেতুর পিলার ক্ষতিগ্রস্ত ও বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর দুপাশে তিন কিলোমিটার এলাকার মধ্যে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করে ২০১৩ সালে জুন মাসে সরকার পরিপত্র জারি করে। এ নির্দেশের পর থেকে তিন বছর ধরে মেঘনা সেতু এলাকার তিন কিলোমিটারের মধ্যে সব ধরনের বালুমহালের ইজারা বন্ধ রয়েছে। এ ছাড়া নদীর তীরের বালুমহাল ইজারা দেওয়ায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নামের একটি বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের নদীর তীরবর্তী কেনা সম্পত্তি ও গ্রামবাসীর বাড়িঘরের ক্ষতি হওয়ার অভিযোগে ২০১৪ সালের ৯ নভেম্বর উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়। আদালত এ এলাকার বালুমহাল ইজারা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেন।
অনুসন্ধানে জানা যায়, উচ্চ আদালত ও সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে এক সপ্তাহ ধরে কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামের দুলাল মিয়া ও শাহ আলীর নেতৃত্বে একদল যুবক চালিভাঙ্গা এলাকায় ও মেঘনা সেতুর পিলার থেকে মাত্র এক কিলোমিটার দূরে ড্রেজার দিয়ে বালু তুলছে। নদীর তীরবর্তী চালিভাঙ্গা, ঝাউচর, নলচর এলাকাবাসী ও মেঘনা গ্রুপ ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ অবৈধ বালু উত্তোলনকারীদের বাধা দিলেও কাজ হচ্ছে না।
গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, নৌকাযোগে নদীতে দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা মহড়া দিয়ে ১২টি ড্রেজার দিয়ে নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন করছে। চালিভাঙ্গা গ্রামের কৃষক নুরুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা অস্ত্রের মহড়া দিয়ে গ্রামবাসীকে ভয় দেখিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এক সপ্তাহ ধরে এভাবে বালু লুটপাট হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
ফারাজিকান্দি গ্রামের বাসিন্দা নোয়াব মিয়া অভিযোগ করেন, গ্রামবাসীর অভিযোগের পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। কিন্তু রাতে তাদের ছেড়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, মেঘনা থানা-পুলিশের নাম ব্যবহার করেই বালু উত্তোলন চলছে।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপমহাব্যবস্থাপক কে এম সাইফুল হুদা বলেন, ‘উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমাদের কারখানার ক্রয় করা সম্পত্তি ও নদীর তীরের গ্রামবাসীর জমি সন্ত্রাসীরা কেটে নিয়ে যাচ্ছে। বিষয়টি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে।’
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে দুলাল মিয়া ও শাহ আলী বলেন, তাঁদের নাম ব্যবহার করে কিছু যুবক বালু তুলছে, এ কথা সত্য। তবে তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত নন।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম ছামছুদ্দিন জানান, নদীতে এক সপ্তাহ ধরে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে বলে তাঁরা অভিযোগ পেয়েছেন। পুলিশের অভিযান চলছে। অবৈধ বালু তোলার সঙ্গে পুলিশ জড়িত নয় বলে দাবি করেন তিনি।