মেঘনায় আরও তিন জেলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনায় ঝড়ে ট্রলারডুবিতে নিখোঁজ বাকি তিনজনের লাশ গত মঙ্গলবার উদ্ধার হয়েছে। এ নিয়ে ছয় জেলের সবার লাশ উদ্ধার হলো।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ও তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, স্থানীয় জেলেরা মেঘনার সোনারচর ও লতারচর এলাকায় মঙ্গলবার সকালে নিখোঁজ শরীফুল ইসলাম মাঝি (৪০), সিরাজুল ইসলাম (১৭) ও রাজিবের (২৫) লাশ দেখতে পেয়ে পুলিশ ও কোস্টগার্ডকে খবর দেয়। লাশগুলো উদ্ধার করে পুলিশ সুরতহাল প্রতিবেদন করে স্বজনদের কাছে হস্তান্তর করে।
গত বৃহস্পতিবার রাতে শরীফুল ইসলাম মাঝিসহ ছয়জন জেলে ট্রলার নিয়ে মেঘনায় মাছ ধরতে যান। রাত ১১টার দিকে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরদিন ট্রলারটি উদ্ধার হলেও ছয় জেলে নিখোঁজ থাকেন। গত রোববার একজন ও সোমবার দুজনের লাশ উদ্ধার করা হয়।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ কামরুজ্জামান বলেন, সরকারের পক্ষ থেকে লাশ দাফন করার জন্য পাঁচ হাজার টাকা করে এবং পরে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।