মেঘনায় নিখোঁজ কলেজছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মেঘনা নদীতে নিখোঁজ কলেজছাত্রী আমরিন নূর (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদী থেকে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় তার লাশ উদ্ধার করা হয়।
সে ঢাকার শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্রী ছিল। তার বাবার নাম মীর আমিনুর রশিদ। আমিনুর পেশায় একজন আইনজীবী। পুলিশ জানায়, সোমবার বিকেল পাঁচটায় ঢাকা থেকে ছেড়ে আসা সোনার তরী-২ নামের যাত্রীবাহী লঞ্চটি চাঁদপুরের উদ্দেশে রওনা হয়। লঞ্চটি রাত পৌনে আটটায় চাঁদপুরের ষাটনল এলাকা অতিক্রমের সময় আমরিন নূর লঞ্চ থেকে লাফ দেয়। এ সময় লঞ্চটি নদীতে থামিয়ে এক ঘণ্টা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
লঞ্চের যাত্রীরা জানান, ওই ছাত্রী লঞ্চ থেকে লাফিয়ে পড়ার পর তার একটি ডায়েরি পাওয়া যায়। সেখানে তার নাম ও ঠিকানা ছিল। তবে এ সময় তার সঙ্গে কেউ ছিল না। কয়েকজন লঞ্চযাত্রী জানান, ঢাকা থেকে লঞ্চটি ছাড়ার পর মেয়েটি লঞ্চে ঘুরে কান্নাকাটি করছিল। মায়ের সঙ্গে তার ঝগড়া হয়েছে বলে লঞ্চযাত্রীদের জানায়।