মেঘনায় স্পিডবোটচালকদের দৌরাত্ম্য, যাত্রীরা জিম্মি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পিডবোটচালকদের দৌরাত্ম্যে নরসিংদী-বাঞ্ছারামপুর-নবীনগর ভায়া গোকনঘাট নৌপথের যাত্রীরা জিম্মি হয়ে পড়েছেন। স্পিডবোটচালকদের একটি চক্র যাত্রীদের লঞ্চ ব্যবহার না করে স্পিডবোটে উঠতে বাধ্য করছেন বলে জানা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, নরসিংদী নদীবন্দর দিয়ে নরসিংদী-বাঞ্ছারামপুর-নবীনগর ভায়া গোকনঘাট নৌপথে নিয়মিত ছোট-বড় ১৩টি লঞ্চ চলাচল করে। বর্তমানে বন্দর এলাকায় অবৈধভাবে চলাচলকারী নৌকা ও স্পিডবোটগুলো এলোপাতাড়ি নোঙর করায় লঞ্চগুলো টার্মিনালে ভিড়তে অসুবিধা হচ্ছে। এ নিয়ে লঞ্চের মালিকদের সঙ্গে স্থানীয় স্পিডবোট ও নৌকার মালিকদের দ্বন্দ্বে গত ১৭ থেকে ২১ জুলাই পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ ছিল।
নরসিংদী লঞ্চ মালিক সমিতি ও যাত্রীদের অভিযোগ, স্থানীয় কাউরিয়াপাড়া এলাকার মাহবুবুর রহমানের ছত্রচ্ছায়ায় স্পিডবোট ও নৌকার মালিকদের একটি চক্র লঞ্চের যাত্রীদের একরকম জোর করে স্পিডবোটে ওঠায়। মাঝনদীতে এসব স্পিডবোট বেপরোয়াগতিতে চালানো হয়। ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তবে মাহবুবের মুঠোফোনে গত সোমবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
নবীনগর উপজেলার সলিমগঞ্জ থেকে স্পিডবোটে আসা রহমত উল্লাহ জানান, আসার পথে শ্রীনগরের কাছে স্পিডবোটের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। অনেক চেষ্টার পরে তা চালু হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে নরসিংদী লঞ্চ টার্মিনাল থেকে ৮২টি স্পিডবোট ও ইঞ্জিনচালিত ১৪-১৫টি নৌকা চলাচল করে। পাঁচ বছর আগে স্পিডবোটের সংখ্যা ছিল ৪০টি। অন্যদিকে লঞ্চ চলাচল করে ১২টি; যা পাঁচ বছর আগে ছিল ১৬টি। স্থানীয় স্পিডবোট মালিকদের দৌরাত্ম্য ও লোকসানের মুখে পড়ে কমে যাচ্ছে লঞ্চ চলাচল।
নরসিংদী লঞ্চ মালিক সমিতির নিয়োগ করা সুপারভাইজার ইদ্রিস মিয়া জানান, যাত্রীদের জোর করে নৌকা ও স্পিডবোটে নিয়ে যাওয়ায় লঞ্চের যাত্রী অনেকটা কমে গেছে। খরচ ওঠানো কষ্টকর হয়ে পড়েছে।
অভিযোগ অস্বীকার করে স্পিডবোটের মালিক মিলন মিয়া বলেন, বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের অনুমতি নিয়ে এখানে ব্যবসা করা হচ্ছে। তাঁরা চলে যেতে বললে চলে যেতে হবে। সমস্যার কিছু নেই।
তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নরসিংদীর ট্রাফিক পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, এখানে রাজনৈতিক ও স্থানীয় আধিপত্যের ব্যাপার রয়েছে। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু করা যাচ্ছে না।