মেঘনার তীর সংরক্ষণকাজে অনিয়ম, এলাকাবাসীর বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নমানের পাথরে সিমেন্ট কম দিয়ে মেঘনার তীর সংরক্ষণকাজের ব্লক নির্মাণের অভিযোগ তুলে ভোলা সদর উপজেলার কাঁচিয়ার বাসিন্দারা গতকাল মঙ্গলবার চার ঘণ্টা কাজ বন্ধ করে রাখেন। পরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী তদন্তের আশ্বাস দিলে তাঁরা শান্ত হন।
ভোলা পাউবো সূত্র জানায়, ২০১৩ সালের শেষ দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের লঞ্চঘাট থেকে কাঁচিয়া ইউনিয়নের গাড়িয়ার খাল পর্যন্ত মেঘনার সাড়ে তিন কিলোমিটার তীর সংরক্ষণের জন্য আটটি গ্রুপে ১০৩ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। গত ১ নভেম্বর তৃতীয় পর্যায়ে তিন গ্রুপের কাজ শুরু করে মেসার্স মশিউর রহমান চৌধুরী, ইউনুস অ্যান্ড ব্রাদার্স ও টিবিআইই জেভি। প্রতি গ্রুপে প্রায় ৪৩৮ মিটার তীরে ১৭৫ কেজি ওজনের এক লাখ ৭১ হাজার জিওটেক্সটাইল বস্তা এবং ৩০ হাজার ব্লক ফেলার কথা। বালির আকার হবে এক এফএম। এক ঝুড়ি সিমেন্টের মধ্যে এক ঝুড়ি সিলেটের লাল বালি, দুই ঝুড়ি মোটা দানার সাদা বালি ও ছয় ঝুড়ি পরিষ্কার টেকসই পাথর মিশিয়ে ব্লক তৈরি করার কথা।
গতকাল মঙ্গলবার বেলা একটায় কাঁচিয়া কাঠিরমাথা এলাকায় গিয়ে শত শত মানুষের জমায়েত দেখা যায়। জিওটেক্সটাইল বস্তায় ভরা ও ব্লক নির্মাণকাজ বন্ধ ছিল। কাজে অনিয়মের অভিযোগ তুলে এলাকাবাসী সকাল নয়টায় কাজ বন্ধ করে দেন। পরে বেলা দুইটার দিকে পাউবোর নির্বাহী প্রকৌশলী আজ সরেজমিন তদন্তের আশ্বাস দিলে এলাকাবাসী পুনরায় কাজ শুরুর সুযোগ দেন। ঘটনাস্থলে নিম্নমানের পাথর স্তূপ করা ছিল। অনেক পাথর থেকে ধুলা উড়ছিল। পাশে মেঘনায় অবস্থান করা জাহাজের পাথরও ছিল নিম্নমানের।
এলাকার কমপক্ষে ৫০ জন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঠিকাদার দুই রকম জিওটেক্সটাইল ব্যাগ ব্যবহার করছেন। একটি মোটা ও অন্যটি পাতলা। যখন পাউবোর কর্মকর্তারা থাকেন, তখন পাতলাটি ব্যবহার করা হয়। বস্তায় নিম্নমানের বালি ভরা হচ্ছে। আর ব্লক তৈরি হচ্ছে ধুলা মেশানো পাথর দিয়ে। পাথরগুলো হাতে টিপলে ভেঙে যাচ্ছে। লাল বালির পরিবর্তে সাদা বালি দেওয়া হচ্ছে। এক ঝুড়ি সিমেন্টের সঙ্গে ১২-১৩ ঝুড়ি বালি-পাথর মেশানো হচ্ছে। এ কারণে ব্লক হচ্ছে নিম্নমানের।
অনিয়মের অভিযোগ তুলে এলাকাবাসীর তীর সংরক্ষণের কাজ বন্ধ করে দেওয়ার কথা নিশ্চিত করেন সেখানে উপস্থিত পাউবোর টাস্কফোর্স কমিটির সদস্য সহকারী প্রকৌশলী এম এন সৈকত। তিনি বলেন, অনিয়ম করে কোনো জিওটেক্সটাইল বস্তা নদীতে ফেলার সুযোগ নেই। একটু সমস্যা হলে ঠিকাদারকে দিয়ে বস্তা পাল্টানো হচ্ছে।
ভোলা পাউবোর উপসহকারী প্রকৌশলী মুজাহিদুল ইসলাম ও ফজলে এলাহী বলেন, পাথরের স্তূপ থেকে নিম্নমানের পাথর বাছাই করে ফেলে দিয়ে ধুয়ে সঠিক নিয়মে ব্লক তৈরি হচ্ছে। কোনো রকম অনিয়ম করার সুযোগ দেওয়া হচ্ছে না।
পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হেকীম বলেন, ‘আমি শুনেছি এলাকাবাসী অনিয়মের অভিযোগে কাঁচিয়া কাঠির মাথার তীর সংরক্ষণের কাজ বন্ধ করেছেন। আগামীকাল (আজ বুধবার) অভিযোগের তদন্ত করতে সরেজমিন যাওয়া হবে।’
ঠিকাদার খোকন গোলদার বলেন, ‘সিলেটে পাথরের সংকট রয়েছে। ভালো পাথর পাওয়া কষ্টসাধ্য, তার পরও সেরা পাথর ভোলায় এনে ব্লক বানাচ্ছি। কাঁচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম অনিয়মের অভিযোগ তুলে গতকাল তীর সংরক্ষণের কাজ বন্ধ করেছেন।’
আরেক ঠিকাদার শাহে আলম বলেন, ‘জিওটেক্সটাইল বস্তা কোম্পানি তৈরি করে। আর টাস্কফোর্স টিম অনিয়ম হলে বস্তা নদীতে ফেলতে দেয় না। এলাকাবাসী তার পরও মিথ্যা অভিযোগ তুললে আমরাই কাজ বন্ধ করে চলে আসব।’
কাঁচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, ‘এলাকাবাসী কাজ বন্ধ করেছেন, এতে আমার কোনো ইশারা নেই।’