মেঘনার বালু লুট, ভাঙনের কবলে দুই কিলোমিটার
মেঘনার তলদেশ থেকে অবৈধভাবে বালু তুলছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার এক ইউপি চেয়ারম্যান এবং এক আওয়ামী লীগ নেতা। নদীর আড়াইহাজার ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর অংশ থেকে ছয় মাস ধরে বালু তোলায় বাঞ্ছারামপুরের বাহেরচর এলাকায় দুই কিলোমিটারে ভাঙন শুরু হয়েছে।
আড়াইহাজার উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় চারটি বালুমহাল রয়েছে। নিজ কালাপাহাড়িয়া মৌজায় ডিকচরে ১৫ হেক্টর, বিষনন্দি ইউনিয়নের শম্ভুপুর মৌজার শম্ভুপুরে ২০ হেক্টর, ডেঙ্গুকান্দির ২০ হেক্টর ও কমলাপুর ৩০ হেক্টরে এসব বালুমহাল। ১৪২১ বাংলা সনের জন্য চার লাখ পাঁচ হাজার টাকায় ডিকচর বালুমহালের ইজারা নেন কালাপাহাড়িয়া ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম ওরফে স্বপন। আর তিন লাখ ৫০ হাজার টাকায় শম্ভুপুর বালুমহাল ইজারা নেন কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক এ কে এম ফাইজুল হক ওরফে ডালিম।
স্থানীয় লোকজনের অভিযোগ, চেয়ারম্যান সাইফুল ও ফাইজুল হক যেসব মহাল ইজারা নিয়েছেন, সেসব মহাল থেকে বালু না তুলে তাঁরা অন্য স্থান থেকে তুলছেন। তাঁরা প্রতিদিন ১৫০-২০০ বাল্কহেডে করে প্রায় ছয় লাখ টাকার বালু বিক্রি করছেন।
এ কে এম ফাইজুল ইসলাম বলেন, ‘আমার নামে শম্ভুপুর বালুমহাল ইজারা রয়েছে, আমি সেখান থেকেই বালু উত্তোলন করছি। মাঝেমধ্যে স্রোতে নদীর পূর্ব দিকে চলে যাই। আমার ইজারার কাগজপত্র আড়াইহাজার উপজেলা ভূমি কার্যালয়ে দেওয়া হয়নি আর কেউ সীমানাও বুঝিয়ে দেয়নি। নিজে নিজেই সীমানা নির্ধারণ করে বালু তুলছি।’
সাইফুল ইসলাম বলেন, ‘আমি ডিকচর বালুমহালের ইজারা নিয়েছি। কিন্তু সেখান থেকে বালু তুলি না। আমি বাঞ্ছারামপুরের বালুমহালের ইজারাদারের মহাল থেকে বালু উত্তোলন করছি, আমার কাছে বাঞ্ছারামপুরের বালুমহালের ইজারার কাগজপত্র রয়েছে।’
বাঞ্ছারামপুরের কানাইনগর-বাহেরচর বালুমহালের ইজারাদার আবদুল বাতেন বলেন, ‘বাহেরচর মহাল থেকে কোনো বালু উত্তোলন করছি না, কিংবা কাউকেই বালু উত্তোলন করতে বলিনি।’
আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) শরীফুল হক বলেন, কদমীরচর এলাকা থেকে সাইফুল ইসলাম অবৈধভাবে বালু তুলছেন বলে এলাকাবাসী লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জানান, মহালগুলো কাউকেই বুঝিয়ে দেওয়া হয়নি ও বালু উত্তোলনের কোনো বৈধতা নেই।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমীরচর, নয়াগাঁও, বিবিরকান্দি টেকসংলগ্ন এলাকা এবং বাঞ্ছারামপুরের বাহেরচর এলাকায় মেঘনা নদীতে দুটি স্থানে পাঁচটি খননযন্ত্র (ড্রেজার) বসিয়ে বালু তুলছেন শ্রমিকেরা। কুমিল্লার হোমনা ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ক্রেতারা সেখান থেকে বাল্কহেড দিয়ে বালু কিনে নিয়ে যান।
বাহেরচর গ্রামের কৃষক হাবিব উল্লাহ বলেন, ‘স্বপন চেয়ারম্যান ও ডালিমের লোকজন ড্রেজার দিয়া বালু তুইলা জমিডারে নদী বানাইয়া ফালাইছে। বাধা দিলে ড্রেজারের লোকজন টেঁটা-বল্লম লইয়া আমাগোর উপর অত্যাচার চালায়।’
বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মামুন সরদার বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আড়াইহাজারের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করার পরিকল্পনা করছি।’