মেঘনায় অবৈধভাবে চলছে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘনা নদীর নুনেরটেক এলাকায় নদীতে বাঁশ পুঁতে ঝোপ তৈরি করে এভাবে মাছ শিকার করা হচ্ছে। গত শুক্রবার তোলা ছবি l প্রথম আলো
মেঘনা নদীর নুনেরটেক এলাকায় নদীতে বাঁশ পুঁতে ঝোপ তৈরি করে এভাবে মাছ শিকার করা হচ্ছে। গত শুক্রবার তোলা ছবি l প্রথম আলো

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বাঁশ পুঁতে গাছের ডালপালা ফেলে মাছ ধরা হচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় কর্মী-সমর্থকদের একটি সিন্ডিকেট এর সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার ও বারদি ইউনিয়নের নুনেরটেক এলাকার মেঘনা নদীর পাঁচ কিলোমিটার এলাকায় বাঁশ পুঁতে ও গাছের ডালপালা ফেলে চারপাশে জালের ঘের দিয়ে মাছ নিধন করা হচ্ছে। মাছ আটকানোর জাল এতই ছোট যে এ জালে রেণুপোনাসহ মা মাছও ধরা পড়ছে।
নুনেরটেক গ্রামের বাসিন্দা নেকবর আলী জানান, এ এলাকার আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা প্রতিবছর সিন্ডিকেট করে প্রথমে নদীতে চারদিক বাঁশ পুঁতে পরে মাঝখানে বিভিন্ন প্রজাতির গাছের ডালপালা ফেলে কচুরিপানা আটকিয়ে মাছের খাবার দেন। দুই থেকে তিন মাস পর ওই স্থানে মাছের অভয়ারণ্য সৃষ্টি হলে চারদিক জালের ঘের দিয়ে মাছ শিকার করা হয়। এতে বড় মাছের পাশাপাশি পোনা মাছও ধরা পড়ে। এতে মাছ ছাড়াও শামুক, ঝিনুকসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, মেঘনা নদীর এই পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে ৪৫টি স্থানে এভাবে বাঁশ পুঁতে মাছ শিকার করা হচ্ছে। প্রতিটি ঝোপ (স্থানীয়ভাবে ঝুপ) থেকে প্রতি তিন মাস পরপর পাঁচ থেকে সাত লাখ টাকার মাছ ধরা পড়ে।
অনুসন্ধানে জানা যায়, প্রতিবছরের মতো এ বছরও মেঘনার এ এলাকায় ঝোপ ফেলে মাছ ধরার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের সমন্বয়ে একটি সিন্ডিকেট করা হয়েছে। বারদি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড সদস্য জিলানী মিয়া, নুরুল ইসলাম, গোলজার হোসেন, ফজলুল হক ও আবুল হোসেনসহ বিএনপির ২৩ জন কর্মী-সমর্থক এই সিন্ডিকেটে রয়েছেন। আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে বারদি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল আজিজ, মোতালেব মিয়া, সাব মিয়া, আবদুর রহিম, শাহজাহান মিয়া ও মজিবুর রহমানসহ ২৭ জন রয়েছেন।
এ ব্যাপারে ইউপি সদস্য জিলানী মিয়া বলেন, ‘আমরা আওয়ামী লীগ-বিএনপি সবাই একত্র হয়ে সভা করে নদীতে ঝোপ দিয়ে মাছ শিকার করি এ কথা সত্য। আমাদের এলাকার অধিকাংশ মানুষ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। এতে অন্যায়ের কিছু নেই।’
আওয়ামী লীগের কর্মী সাব মিয়া ও আবদুল আজিজ বলেন, ‘এভাবেই আমরা দীর্ঘদিন ধরে মাছ শিকার করি। অবশ্য মৎস্য কর্মকর্তারা মাঝেমধ্যে আমাদের নিষেধ করে। এখন তাদের সঙ্গে কথা বলেই আমরা মাছ শিকার করছি।’
উপজেলা মৎস্য কর্মকর্তা মমিনুল হক বলেন, ‘নদীতে এভাবে বাঁশ পুঁতে জাল দিয়ে ঘের দিয়ে মৎস্য সম্পদ ধ্বংস করা সম্পূর্ণ নিষেধ। আমরা জেলেদের নিষেধ করে এ কাজ থেকে বিরত থাকার জন্য মাইকিং করেছি। কিন্তু তাঁরা কোনো কথা মানছেন না। লোকবলের অভাবে আমরা তাঁদের উচ্ছেদ করতে পারছি না।’
এদিকে নদীতে এভাবে বাঁশ পুঁতে ঘের দিয়ে কচুরিপানা আটকিয়ে মাছ শিকারের ফলে নৌযান চলাচল করতে সমস্যা হচ্ছে।
সোনারগাঁ নৌযান মালিক সমিতির সভাপতি ইলিয়াস হোসেন জানান, নদীতে বাঁশ পুঁতে নদী দখল করে মাছ শিকারের ফলে নৌযান চলাচল করতে সমস্যা হচ্ছে। বিষয়টি ইতিমধ্যে প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁইয়া বলেন, ‘নদীতে এভাবে মৎস্য আইন লঙ্ঘন করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি। তিনি মাইকিং করেই তাঁর দায়িত্ব শেষ করেছেন। বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’