মেঘনায় আবর্জনা ফেলছে পৌরসভা
চাঁদপুর শহরের সব ময়লা-আবর্জনা ট্রাকে বোঝাই করে মেঘনা নদীতে ফেলছে পৌর কর্তৃপক্ষ। এতে নদীর পানি দূষিত হয়ে পড়ায় স্থানীয় লোকজন দুর্ভোগের শিকার হচ্ছে। তারা নদীতে গোসল ও গৃহস্থািলর কাজ করতে পারছে না।
পরিবেশ বিশেষজ্ঞরা দাবি করেছেন, দীর্ঘ মেয়াদে ময়লা-আবর্জনা ফেললে ইলিশসহ নানা প্রজাতির মাছ ও জলজ প্রাণীর ক্ষতি হবে এবং নদীর পানি দূষিত হয়ে পড়বে।
চাঁদপুর পৌর কর্তৃপক্ষের দাবি, শহরে জায়গা না থাকায় মেঘনা নদীতে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে করে শহরের পরিবেশ সহজেই ভালো রাখা সম্ভব হচ্ছে।
চাঁদপুরের পুরানবাজার হরিসভা এলাকার বাসিন্দা মিজানুর রহমান জানান, পুরানবাজারের যুগিপট্টি, বাকালীপট্টি, মধ্যশ্রীরামদী, পশ্চিম শ্রীরামদীর হাজার হাজার মানুষ গোসল, কাপড় ধোয়া ও রান্নাবান্নার জন্য মেঘনার পানির ওপর নির্ভরশীল। ময়লা-আবর্জনা ফেলার কারণে এখন নদীর পানি ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে।
জানা যায়, এক বছর ধরে হরিসভা এলাকা দিয়ে পৌর কর্তৃপক্ষ তাদের গাড়ির মাধ্যমে ময়লা-আবর্জনা মেঘনা নদীতে ফেলে যাচ্ছে। এসব ময়লা-আবর্জনার সঙ্গে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের বর্জ্যও ফেলা হচ্ছে মেঘনায়।
চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষক ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আনিছুর রহমান বলেন, নদীতে বর্জ্য ফেলার কারণে পানি দূষিত হচ্ছে। এর ফলে জলজ প্রাণীর ক্ষতি হচ্ছে। বিশেষ করে এদের খাবারের বিভিন্ন উপকরণ নষ্ট হয়ে যাচ্ছে।
তিনি বলেন, ইতিমধ্যে বুড়িগঙ্গাসহ কয়েকটি নদীতে বর্জ্য ফেলার কারণে নদীর পানি দূষিত হয়েছে। চাঁদপুর অঞ্চলেও মেঘনায় এ ধরনের বর্জ্য ফেলতে থাকলে একসময় নদী ইলিশশূন্য হয়ে যাবে।
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরেফিন বাদল বলেন, ‘আমি ওই এলাকাটি দেখে এসেছি। এভাবে ময়লা-আবর্জনা ফেলায় পরিবেশ দূষিত হচ্ছে। তাই নদীতে ময়লা না ফেলার জন্য পরিবেশ অধিদপ্তর থেকে পৌরসভাকে নোটিশ করা হবে।’
চাঁদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সিদ্দিকুর রহমান ঢালী বলেন, ‘শহরের ময়লা ফেলার জন্য বর্তমানে নদী ছাড়া কোনো জায়গা নেই। তবে এ নিয়ে বিভিন্ন কথা ওঠায় আমরা নতুন করে ময়লা অন্য কোথাও ফেলার চিন্তা করছি।’