মেঘনায় ইলিশ ধরার সময় ৪ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে আজ রোববার ভোরে অভিযান চালিয়ে মা ইলিশ ও বিপুল পরিমাণ কারেন্ট জালসহ চারজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মো. সেলিম (২৫), মো. সাখাওয়াত (২৩), মো. বিল্লাল (২৭) ও মো. আহম্মদ আলী (৩৩)।

কোস্টগার্ডের নারায়ণগঞ্জ পাগলাস্থ স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান জানান, আজ ভোর চারটার দিকে নারায়ণগঞ্জ কোস্টগার্ড ও গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার যৌথভাবে একটি টহলদল নিয়ে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনায় অভিযান চালায়। এ সময় ইলিশ ধরার সময় ৩০ কেজি মা ইলিশ এবং ১ লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ হাজার মিটার কুনা জালসহ চারজনকে আটক করা হয়। আটক করা মাছ ও জালের আনুমানিক মূল্য ৬০ লাখ ১৫ হাজার টাকা।

চলতি বছরের ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত (মোট ১৫ দিন) সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ বা বিক্রয় করা সম্পূর্ণ নিষেধ।