মেঘনায় গরুবোঝাই ট্রলারে ডাকাতির চেষ্টা দু্ই ব্যবসায়ী জখম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর নুনেরটেক এলাকায় গত মঙ্গলবার রাতে গরুভর্তি ট্রলারে হানা দিয়ে দুই গরু ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে ডাকাতেরা। তবে নদীতে থাকা জেলেরা ধাওয়া দিলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় ডাকাতেরা।
পুলিশ ও গরুর ব্যবসায়ীরা বলেন, ভৈরব থেকে ট্রলারে করে ৩০-৩৫টি গরু নিয়ে গত মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ যাচ্ছিলেন ছয়জন গরু ব্যবসায়ী। মেঘনা নদীর নুনেরটেক এলাকায় পৌঁছালে স্পিডবোটযোগে ১০-১২ জনের একটি ডাকাত দল ট্রলারে হামলা চালায়। তারা দা, টেঁটা, রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে ট্রলারে উঠে গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ডাকাতদের বাধা দিলে গরুর ব্যবসায়ী মন্টু মিয়া ও রবিউল ইসলামকে কুপিয়ে আহত করা হয়। তাঁদের চিৎকারে নদীতে থাকা জেলেরা ট্রলার নিয়ে ধাওয়া করলে ডাকাতেরা দুটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
আহত দুই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি চাঁদপুর জেলার ছেঙ্গারচর থানার জোরখালি গ্রামে। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) সাজ্জাদুর রহমান বলেন, মামলার প্রস্তুতি চলছে। ডাকাতদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।