মেঘনায় গুলিতে ট্রলারের মাঝির মৃত্যু নিয়ে রহস্য
নোয়াখালীর হাতিয়ার মেঘনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় আবুল হাশেম (৪০) নামে ট্রলারের এক মাঝি নিহত হয়েছেন। গত সোমবার বিকেলে উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজারের পূর্ব দিকে নদীতে এ ঘটনা ঘটে।
আবুল হাশেমের গুলিবিদ্ধ হওয়া নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। কারণ, থানার পুলিশ, নলচিরা নৌ পুলিশ ও কোস্টগার্ড জেলেদের ট্রলারে গুলির কথা অস্বীকার করেছে। এ বিষয়ে খোঁজ নিতে জেলা পুলিশ সুপারের (এসপি) নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান গতকাল হাতিয়া গেছেন। গতকাল বিকেলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে হাতিয়া থানা ও নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির গুলির হিসাবে গরমিল ধরা পড়েনি। তবে, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
স্থানীয় লোকজনের ভাষ্যমতে, সোমবার বিকেলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রহমত বাজার এলাকা থেকে একটি মাছধরা ট্রলার জেলেদের নিয়ে নদীতে মাছ ধরতে যায়। ট্রলারটি রহমত বাজার থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্ব দিকে যাওয়ার পর নদীতে টহলরত একটি স্পিডবোট থেকে ট্রলারটিকে থামতে সংকেত দেওয়া হয়। এ সময় মাঝি আবুল হাশেম ট্রলার না থামিয়ে পালানোর চেষ্টা করলে ওই স্পিডবোট থেকে মাঝিকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়া হয়। একটি গুলি মাঝি আবুল হাশেমের ডান পাঁজর দিয়ে ঢুকে বাঁ পাঁজর দিয়ে বেরিয়ে যায়। এরপর ওই স্পিডবোটটি দ্রুত ওই স্থান ত্যাগ করে।
এ ঘটনার পর জেলেরা রাত ১০টার দিকে নদীর তীরে আসেন। রাত দেড়টার দিকে আবুল হাশেমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত হাশেম বুড়িরচর ইউনিয়নের উত্তর রেহানিয়া গ্রামের মো. আকবরের ছেলে।
নিহত হাশেমের ছেলে নুরুল হক বলেন, তাঁর বাবা ট্রলারের মাঝি। নদীতে মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে, কারা গুলি করেছে, সে বিষয়ে কোনো তথ্য জানাতে অস্বীকৃতি জানান তিনি।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তওফিকুর রহমান প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার অনেক আগেই আবুল হাশেমের মৃত্যু হয়েছে। একটি গুলি তাঁর ডান পাঁজর দিয়ে ঢোকে বাঁ পাঁজর দিয়ে বেরিয়ে গেছে।
হাতিয়া মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, নদীতে মাছ ধরার সময় টহলরত একটি স্পিডবোট থেকে ছোড়া গুলিতে মাঝি আবুল হাশেম মারা গেছেন বলেন ট্রলারের জেলেরা জানিয়েছেন।
নলচিরা নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শ্রীবাস চন্দ্র দাস দাবি করেন, নদীতে টহল দেওয়ার মতো জনবল তাঁদের ছিল না। তাই কারা মাছ ধরা ট্রলার লক্ষ করে গুলি করেছে, তা তিনি বলতে পারবেন না।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় একটি স্পিডবোট এসে ট্রলারটি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাঝি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। খবর পেয়ে গতকাল সকালে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার লে. ইফতেখার হোসেন বলেন, যে এলাকায় গুলির ঘটনা ঘটেছে বলে বলা হচ্ছে, ওই দিকে কোস্টগার্ড কোনো টহল দেয়নি।