মেঘনায় জাল ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম ও বিচ্ছিন্ন চরগজারিয়ার অদূরে মেঘনা নদীতে জাল ফেলাকে কেন্দ্র করে রোববার রাতে জেলেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষে ১০ জন আহত হয়েছেন।
ওই ঘটনার জের ধরে রাতেই রামগতি মাছঘাটে প্রতিপক্ষের মাছ ব্যবসার গদিঘরে (আড়তদারের ঘর) হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রামগতি মাছঘাটের একাধিক ব্যবসায়ী জানান, ঘাটের মাছ ব্যবসায়ী (আড়তদার) মীর সুমন ও মীর মামুনের তহবিলের (গদির) জেলেদের মধ্যে ওই সংঘর্ষ হয়।
মীর মামুন জানান, তাঁর তহবিলের মাঝি নিখিল জলদাস ও রাখাল জলদাস রোববার রাত আটটার দিকে দুটি ট্রলার নিয়ে চরগজারিয়ার অদূরে মেঘনা নদীতে বাঁধা জাল ফেলেন। ওই সময় মীর সুমন তাঁর তহবিলের ২০-২৫ জন জেলেসহ দুটি ট্রলার নিয়ে সেখানে গিয়ে তাঁদের (মামুনের জেলেদের) জাল তুলে নিজেদের জাল ফেলার চেষ্টা করেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সুমনের লোকজন তাঁর (মামুনের) লোকজনের ওপর হামলা চালিয়ে মারধর করেন। এতে তাঁর ট্রলারের রাখাল জলদাস, আবদুল আলী, আলাউদ্দিন, সুমন মিস্ত্রি আহত হন। পরে সুমনের লোকজন রামগতি মাছঘাটে তাঁর গদিঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন। ওই সময় তাঁর তহবিলের ম্যানেজার রুবেলকেও তাঁরা মারধর করেন।
এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে মীর সুমন দাবি করেন, দুটি ট্রলার নিয়ে ঘটনাস্থলে জাল ফেলে তাঁর তহবিলের জেলেরা মাছ ধরছিলেন। ওই সময় মীর মামুনের জেলেরা জলদস্যুদের সঙ্গে নিয়ে তাঁর জেলেদের ওপর হামলা চালিয়ে মারধর করেন। এতে তিনিসহ তাঁর ট্রলারের মাঝি আবদুল মতিন, আমির হোসেন, বাবর ও রাসেল আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় আমির হোসেন ও বাবরকে নোয়খালীতে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বড়খেরি নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আনিসুর রহমান জানান, নদীতে জাল ফেলাকে কেন্দ্র করে দুই দল জেলের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে মাছঘাটের একটি গদিঘরে হামলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।