মেঘনায় দরপত্র নিয়ে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মেঘনা উপজেলায় গতকাল বুধবার আওয়ামী লীগ ও যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের টিটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি নতুন ভবন নির্মাণের দরপত্র নিয়ে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ওই নতুন ভবন নির্মাণের দরপত্র পাওয়াকে কেন্দ্র করে গতকাল বেলা একটার দিকে উপজেলা পরিষদের বাইরে চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন কবির এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে ১০৫টি রাবার বুলেট ছোড়ে। এতে দুই পক্ষের কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে আওয়ামী লীগের নেতা হুমায়ুন কবির বলেন, ‘বিদ্যালয়টি আমার এলাকার। আমার ফুফাতো ভাই মো. মিলন দরপত্র জমা দিতে গেলে আবদুল্লাহ আল বাকীর লোকজন তাঁকে বাধা দেন ও মারধর করেন। বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জানালে মুরব্বিদের মাধ্যমে ঘটনাটি মীমাংসা হয়। গতকাল মিলনকে উপজেলা সদরে যেতে আবদুল্লাহ আল বাকীর লোকজন আবার বাধা দিলে তর্কবিতর্ক হয়।’
আবদুল্লাহ আল বাকী জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন দরপত্র পাওয়ায় হুমায়ুনের লোকজন ক্ষুব্ধ হন। একপর্যায়ে তর্কবিতর্ক হয়। এ নিয়ে গতকাল বেলা তিনটায় বসার কথা থাকলেও এর আগেই হুমায়ুনের লোকজন এসে সংঘর্ষে লিপ্ত হন। এতে দুই পক্ষের ১৭-১৮জন গুলিবিদ্ধ হন। মিলনকে মারধরের বিষয়টি মিথ্যা।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন খান জানান, দরপত্রকে কেন্দ্র করে ওই দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে ১০৫টি রাবার বুলেট ছোড়ে।