মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৩
চাঁদপুরের মেঘনা নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। গত সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। লঞ্চ দুটির একটি ঢাকা থেকে বরিশাল ও অন্যটি বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিল।
নিহত যাত্রীরা হলেন শাহানা বেগম (৬৫), রূপা বেগম (২৭) ও মো. শাকিল (৬)। আহত যাত্রীদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ডালিয়া (৩৮), শিউলি (৩৫), রাব্বি (১১), মনোয়ারা (৫০), সরাইয়া (২৮), জেরিন (৯), জাহাঙ্গীর (৩৬), ওয়াহিদ (২৭) ও মোস্তফা কামাল (৩৫)। অন্য আহত যাত্রীদের পরিচয় জানা যায়নি। হতাহত ব্যক্তিদের সবার বাড়ি বরিশালে।
নৌপুলিশ ও চাঁদপুর সদর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, সহস্রাধিক যাত্রী নিয়ে লঞ্চ এমভি সুন্দরবন-৮ বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিল। রাত দেড়টার দিকে চাঁদপুরে মেঘনার মোহনা অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি পারাবত-৯ এটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় সুন্দরবন-৮ লঞ্চের ভিআইপি কেবিন গ্রিন হাউসসহ চারটি কেবিন ও ডান দিকের মাঝের বড় একটি অংশ।
দুর্ঘটনার সময় সুন্দরবন লঞ্চটি কাত হয়ে গেলেও অল্পের জন্য ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। লঞ্চের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান শাহানা বেগম। শাকিল ও রূপা নামের অপর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান। আহত ব্যক্তিদের মধ্যে নয়জনকে ভোররাতে চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়।
সুন্দরবন-৮ লঞ্চের যাত্রী মনোয়ার হোসেন বলেন, তাঁদের লঞ্চটি বরিশাল থেকে যাত্রী নিয়ে সোমবার রাত পৌনে নয়টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। রাত দুইটার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে যাত্রীরা হুড়োহুড়ি শুরু করেন। দেখা যায়, পারাবত-৯ লঞ্চটি এই লঞ্চের মাঝ বরাবর দুমড়ে-মুচড়ে ঢুকে গেছে।
এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপপরিচালক মোবারক হোসেন বলেন, দুর্ঘটনার পর পারাবত-৯ লঞ্চটি দ্রুত গন্তব্যে চলে যায়। আর সুন্দরবন-৮ লঞ্চকে চাঁদপুর ঘাটে নোঙর করে আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ সময় আতঙ্কগ্রস্ত কিছু যাত্রী নেমে যান। রাত সাড়ে তিনটার দিকে বাকি যাত্রীদের নিয়ে লঞ্চটি ঢাকায় যায়।
বিআইডব্লিউটিএ চাঁদপুরের বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. মোবারক হোসেনের ভাষ্য, পারাবত-৯ লঞ্চের ধাক্কায়ই এ দুর্ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার পর গতকাল মঙ্গলবার সুন্দরবন-৮ লঞ্চের মাস্টার মজিবর রহমান পারাবত-৯ লঞ্চের মাস্টার ও স্টাফদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একটি মামলা করেছেন। মামলায় ২০-২৫ লাখ টাকার ক্ষতিপূরণও দাবি করা হয়েছে।
অনুমতি বাতিল: নৌ মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এ ঘটনায় পারাবত-৯ ও সুন্দরবন-৮ উভয় লঞ্চের চলাচলের অনুমতি বাতিল করেছে বিআইডব্লিউটিএ। এ ছাড়া পারাবত-৯ লঞ্চের মাস্টার মো. শেখ কামরুজ্জামান, শামীম মোল্লা এবং সুন্দরবন-৮-এর মাস্টার ইদ্রিস মোল্লা মজিবর রহমানের সদন স্থগিত করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় সমুদ্র পরিবহন অধিদপ্তর চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক অধিদপ্তরের জাহাজ জরিপকারক মো. শাহরিয়ার হোসেন।