মেঘনায় বন্ধ হয়নি জাটকা নিধন
জেলেদের খাদ্যসহায়তা দেওয়ার পরও চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনার বিভিন্ন অংশে জাটকা নিধন বন্ধ হয়নি। প্রশাসন জাটকা নিধন বন্ধে প্রতিদিন অভিযান চালাচ্ছে। কিন্তু বাজারে চাহিদা থাকায় জেলেরা ব্যাপক হারে জাটকা ধরছেন।
চাঁদপুর জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১ মার্চ থেকে মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় এবং পদ্মায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
গত সোমবার সকাল আটটায় মেঘনার মতলব উত্তর উপজেলার আমিরাবাদ, মহনপুর, এখলাছপুর, শিকিরচর, ছটাকী ও ষাটনল এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে চার-পাঁচ শ গজ পরপর কারেন্ট জাল পাতা। জালের দুই প্রান্ত প্লাস্টিকের বোতলের সঙ্গে রশি দিয়ে আটকানো। অধিকাংশ জালের আশপাশে জেলে নেই। জাল থেকে আধা কিলোমিটার দূরে ট্রলারে অবস্থান করছেন জেলেরা। আমিরাবাদ ও এখলাছপুর এলাকায় ৮-১০ জন জেলেকে জাটকা ধরতে দেখা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার আমিরাবাদ এলাকার এক জেলে বলেন, ‘ধরা পড়নের ভয়ে জাল পাইত্তা কাছে থায়ি না। বেশি সুম রাইতেই জাটকা ধরি। হেসুম হেরা (প্রশাসন) থায়ে না।’ তাঁর দাবি, মেঘনার আমিরাবাদ থেকে ষাটনল এলাকা পর্যন্ত প্রতিদিন ৩০-৩৫ মণ জাটকা ধরা হয়।
উপজেলার এখলাছপুর গ্রামের জেলে মো. লিটন বলেন, ‘জেলেরা ভিজিএফের চাল পাইয়াও জাটকা ধরতাছে। হগলে মিল্লাই জাটকা ধরার উৎসব করতাছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, মতলব উত্তর উপজেলার ছেংগারচর, মহনপুর, এখলাছপুর, শিকিরচর ও আমিরাবাদ বাজার এলাকা এবং মতলব দক্ষিণ উপজেলার নবকলস, ঢাকিরগাঁও, মুন্সীরহাট, বরদিয়াবাজার, শোভনকর্দী, চরমুকুন্দি, বাইশপুরসহ আরও কয়েকটি এলাকায় ভোরে ও রাতে দেদার জাটকা বিক্রি হচ্ছে। এসব এলাকায় প্রতিদিন ২০-২৫ মণ জাটকা বিক্রি হচ্ছে। জেলেদের ফরমাশ (অর্ডার) দিয়েও জাটকা কিনছেন ক্রেতারা। এসব জাটকা সড়ক ও নৌপথে দেশের বিভিন্ন এলাকায়ও যাচ্ছে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, জাটকা রক্ষায় মেঘনায় ও স্থানীয় বাজারগুলোতে অভিযান চালানো হচ্ছে। তবু জাটকা ধরা ও বিক্রি বন্ধ হচ্ছে না। জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বলেন, জাটকা রক্ষায় জেলায় প্রতিদিন ৯-১০টি অভিযান চলে। জাটকা ধরা সম্পূর্ণ বন্ধ করতে হলে প্রতিদিন কমপক্ষে ৩০-৪০টি অভিযান চালানো দরকার, কিন্তু প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না করায় তা করা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, মেঘনায় জাটকার ছড়াছড়ি। নদীতে আধা ঘণ্টা জাল রাখলেই প্রচুর জাটকা ধরা পড়ে।