মেঘনায় বেড়া দিয়ে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার মেঘনা উপজেলার মেঘনা নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছ ধরা হচ্ছে। নদীর বিভিন্ন স্থানে বেড়া দেওয়ায় নৌকা চলাচলও ব্যাহত হচ্ছে। চালিভাংগা এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
কুমিল্লার মেঘনা উপজেলার মেঘনা নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছ ধরা হচ্ছে। নদীর বিভিন্ন স্থানে বেড়া দেওয়ায় নৌকা চলাচলও ব্যাহত হচ্ছে। চালিভাংগা এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

কুমিল্লার মেঘনা উপজেলায় মেঘনা নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করা হচ্ছে। স্থানীয় তিন ব্যক্তি চালিভাংগা ইউনিয়নে নদী ও এর শাখার তিনটি স্থানে বেড়া দিয়ে মাছ শিকার করছেন।
গত ২২ জানুয়ারি সরেজমিন ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে ইউনিয়নের তিন জায়গায় মেঘনা নদী ও এর শাখায় বাঁশের বেড়া দেওয়া হয়েছে। এক জায়গায় আড়াআড়ি ও দুই জায়গায় লম্বালম্বিভাবে বেড়া দেওয়া হয়। চালিভাংগা গ্রামের একজন, রামপুর গ্রামের একজন ও হরিপুর গ্রামের আরেকজন বেড়াগুলো দিয়েছেন। বেড়ায় বিশেষভাবে লাগানো চাটাইয়ে চিংড়ি, রুই, কাতল, আইড়, বোয়াল ও বিভিন্ন ছোট মাছ আটকা পড়ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ঘাট এলাকা থেকে উপজেলার রামপুর বাজারসহ বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য লঞ্চ, ইঞ্জিনচালিত ট্রলার এবং বালু ও পণ্যবাহী জাহাজ চলাচলে এ নৌপথটি ব্যবহার করতে হয়। বাঁশের বেড়া দেওয়ায় এ পথে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।
মুদারকান্দি গ্রামের কৃষক আবুল মিয়া বলেন, প্রতিবছরই স্থানীয় লোকজন নদীতে বেড়া দিয়ে মাছ শিকার করেন। নদীর মধ্যে দীর্ঘ বেড়া থাকায় লঞ্চ, ট্রলার ও বালুবাহী জাহাজ চলাচলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। রাতে এ সমস্যা প্রকট হয়। বেড়ার কারণে লঞ্চ-ট্রলার অনেক সময় ঘুরে চলাচল করে।
চালিভাংগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবীর বলেন, বেড়া দেওয়ায় নদীতে কচুরিপানা জমে নৌকা ও ট্রলার চলাচলে বিঘ্ন ঘটছে। ৩০ মিনিটের পথ অতিক্রম করতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগছে। ইউনিয়ন পরিষদ থেকে ওই তিনজনকে বাধা দেওয়ার পর তাঁদের সঙ্গে কয়েক দফা বৈঠকও হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে কাজ হয়নি।
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মাকসুদ আহমেদ বলেন, ‘প্রবহমান নদীতে বেড়া দিয়ে মাছ শিকার দণ্ডনীয় অপরাধ। এ ব্যাপারে খোঁজ নেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা আক্তার বলেন, খোঁজ নিয়ে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।