মেঘনায় মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম ও বিচ্ছিন্ন আবদুল্লাহর চরের অদূরে মেঘনা নদীতে রোববার বিকেলে মাছ ধরা নিয়ে বিরোধের জের ধরে দুই দল জেলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, রামগতির আলেকজান্ডার সেন্টার খাল ঘাটের মাছ ব্যবসায়ী কামাল হাওলাদারের আড়তের আকবর মাঝি ও সালেকজান বহদ্দারের আড়তের ইস্রাফিল মাঝির ট্রলারের জেলেদের মধ্যে গত রোববার বিকেলে ওই সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কামাল হাওলাদার বলেন, আবদুল্লাহর চরের অদূরে মেঘনা নদীতে তাঁর আড়তের জেলে আকবর মাঝি চরঘেরা জাল ফেলে মাছ ধরছিলেন। সালেকজান বহদ্দারের আড়তের জেলে ইস্রাফিল মাঝি সেখানে জাল ফেলতে গেলে বাধা দেওয়া হয়। ওই সময় ইস্রাফিল মাঝি তাঁর ট্রলারের জেলেদের নিয়ে আকবর মাঝির ট্রলারের জেলেদের ওপর হামলা করেন। একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে আকবর মাঝির ট্রলারের জেলে আমির হোসেন ও সালামত হোসেন গুরুতর আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে সালেকজান বহদ্দার বলেন, আকবর মাঝির ট্রলারের জেলেরাই ইস্রাফিলের জাল ফেলার জায়গা দখল করে জাল ফেলেন। এ নিয়ে উভয় পক্ষে সংঘর্ষ হয়। এতে ইস্রাফিলসহ তাঁর ট্রলারের জেলে আবদুল বাছেত, আব্বাস উদ্দিন, আবুল বাশার ও মো. হারুন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।