নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ২৩ জন জেলে আহত হয়েছেন। গত সোমবার বিকেলে স্বর্ণদ্বীপের (জাহাজ্জারচর) দক্ষিণে কেলার খালসংলগ্ন মেঘনা নদীতে এ হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে ১৮ জনকে রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন মো. রিপন, মো. নূরনবী, আইয়ুব আলী, আবদুর জাহের, জামাল উদ্দিন, নূর হোসেন, আবদুল আজিজ, রহমত উল্যাহ, মোয়াজ্জেম হোসেন, দুলু মিয়া, আবুল কাশেম, আবু তাহের, মাঈন উদ্দিন, মো. রুবেল, আবু তাহের, মিজানুর রহমান, শুক্কুর আলী ও মঙ্গল দাস। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, হাসপাতালে ভর্তি হওয়া ১৮ জনের শরীরে ধারালো অস্ত্র ও লাঠির আঘাত রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন একাধিক জেলে প্রথম আলোকে বলেন, তাঁরা সুবর্ণচরের পূর্ব চরবাটা এলাকার নিজাম উদ্দিন ওরফে মিয়া সিকদারের দখলীয় মাছের খোপে (বিচরণক্ষেত্র) প্রতিদিনের মতো সোমবার সকালেও মাছ ধরতে যান। বেলা সাড়ে তিনটার দিকে সুবর্ণচরের চরবাটা এলাকার আলাউদ্দিনের মালিকানাধীন নৌকার মাঝি মাঈন উদ্দিন ও জাহের উদ্দিনের নেতৃত্বে চারটি নৌকায় ৩৫-৪০ জন ব্যক্তি এসে অতর্কিতে তাঁদের ওপর হামলা চালায়। তখন ট্রলারে থাকা ২৩ জেলের সবাই আহত হন। হামলাকারীরা এ সময় বোটে থাকা ইলিশমাছ, অন্যান্য মালামাল, মাছ ধরার জাল লুট করে এবং ২০টি মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে অন্য জেলেদের সহায়তায় তাঁরা সন্ধ্যার দিকে তীরে আসেন। এ সময় খবর পেয়ে বোটের মালিক নিজাম উদ্দিন গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
নিজাম উদ্দিন অভিযোগ করেন, মাছের খোপ দখলের উদ্দেশে আলাউদ্দিন লোকজন দিয়ে জেলেদের ওপর হামলা চালিয়েছেন। জেলেদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ করতে পারেননি। শিগগির থানায় অভিযোগ দেবেন।
খোপ দখলের উদ্দেশে হামলার অভিযোগ অস্বীকার করেন আলাউদ্দিন। গতকাল মঙ্গলবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, মাছ ধরা নিয়ে তাঁর জেলেদের সঙ্গে মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের লোকজনই আহত হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, তাঁরা শোক দিবসের কর্মসূচির নিরাপত্তা নিয়ে ব্যস্ত। নদীতে কোনো হামলার ঘটনা কেউ তাঁদের জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।