মেঘনায় যাত্রীবাহী ট্রলারে ডাকাতি
চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারে লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল। গত বুধবার রাত সোয়া আটটার দিকে সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের ঈদগাহ বাজার থেকে চাঁদপুরে যাওয়ার পথে মেঘনা নদীর মুকুন্দীচর এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাত দলের ভয়ে ২২ যাত্রীর মধ্যে অন্তত ১৬ জন নদীতে ঝাঁপ দেন। ডাকাতদের হামলায় ট্রলারে থাকা নারী, শিশুসহ সাতজন আহত হন। তাঁরা চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহত তাসলিমা বেগম বলেন, ‘ডাকাতির সময় প্রাণের ভয়ে অনেক যাত্রী পানিতে ঝাঁপ দেয়। পরে ডাকাতরা চলে গেলে নদী থেকে অন্য যাত্রীদের সহায়তায় তাদের উদ্ধার করে চাঁদপুর ঘাটে এসে ট্রলার থামায়।’
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্দ্রজিৎ দাস বলেন, ‘আমরা ঘটনা শোনার সঙ্গে সঙ্গে নদীতে অভিযান পরিচালনা করেছি।’ চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান মণ্ডল বলেন, ডাকাতির কথা তিনি শুনেছেন। কিন্তু থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।