মেজবাহ সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ব্যবসায়ীর সোনা লুটের ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) হাবিলদার মো. মেজবাহ উদ্দিনকে গতকাল মঙ্গলবার সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে গতকাল তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে রেলওয়ে পুলিশ। এর আগে গত সোমবার মেজবাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
নগরের হাজারী গলির একটি সোনার দোকানের মালিক বিধান ধরের অভিযোগ, সোমবার পাহাড়তলী রেলস্টেশনে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে দুই ব্যক্তি তাঁর দোকানের দুই কর্মচারী পলাশ চক্রবর্তী ও বিশ্বজিৎ নন্দীর কাছ থেকে ২০৫ ভরি সোনা লুট করে নিয়ে যায়। আরএনবির পাহাড়তলী স্টেশন ফাঁড়ির দায়িত্বে থাকা হাবিলদার মেজবাহ উদ্দিনের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোনা ছিনতাইয়ের অভিযোগে সোমবার রাতে পলাশ চক্রবর্তী চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা করেন। মামলায় মেজবাহ উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চট্টগ্রাম বিভাগের কমান্ড্যান্ট মো. ফাত্তাহ ভুঞা প্রথম আলোকে বলেন, মেজবাহ উদ্দিনের সামনে সোনা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাই কর্তব্যে অবহেলা ও ছিনতাই প্রতিরোধে ব্যর্থতার কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চট্টগ্রাম জেলা আদালত পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান বলেন, হাবিলদার মেজবাহ উদ্দিনকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে রেলওয়ে পুলিশ। চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু ইউসুফ আগামীকাল (আজ বুধবার) রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। তিনি বলেন, মেজবাহ উদ্দিনের জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।