মেজর জিয়ার নির্দেশেই সব ব্লগার হত্যা: ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার হওয়া আনসারুল্লাহ সদস্য খাইরুল ইসলাম
গ্রেপ্তার হওয়া আনসারুল্লাহ সদস্য খাইরুল ইসলাম

দেশে এ পর্যন্ত যত ব্লগার হত্যার ঘটনা ঘটেছে, তার সব কটিই হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নেতা ও চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকের নির্দেশে।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন গতকাল শনিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও ব্লগার নীলাদ্রি নিলয় হত্যার ঘটনায় আনসারুল্লাহর (পরিবর্তিত নাম আনসার আল ইসলাম) এক সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে জানাতে ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, আনসার আল ইসলামের সংশ্লিষ্ট যতগুলো খুন হয়েছে প্রতিটিতেই মেজর জিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তিনিই ছিলেন নেতা।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি পল্লবীতে ব্লগার আহমেদ রাজীব হায়দারকে হত্যা থেকে শুরু করা হয়। সর্বশেষ চলতি এপ্রিল পর্যন্ত মোট ১১ জন ব্লগার, লেখক, প্রকাশক ও সমকামীদের অধিকারকর্মীকে হত্যার ঘটনায় দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম বা আনসারুল্লাহ বাংলা টিম।
পুলিশের দাবি অনুযায়ী, মেজর জিয়া আনসারুল্লাহর কথিত সামরিক শাখার প্রধান। তিনি ২০১১ সালের ডিসেম্বরে সেনা অভ্যুত্থানে প্ররোচনা চালিয়ে ব্যর্থ হন। এরপর থেকে তিনি পলাতক। তাঁকে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়েছে।
ডিবির যুগ্ম কমিশনার বলেন, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সামনে থেকে আনসারুল্লাহর সদস্য খাইরুল ইসলামকে (২৪) গ্রেপ্তার করা হয়। তিনি জামিল, রিফাত, ফাহিম ও জিসান নামেও পরিচিত। তিনি বলেন, খাইরুল ও তাঁর সহযোগীরা ২০১৫ সালের জানুয়ারি থেকে নীলাদ্রি নিলয় সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করেন এবং গতিবিধি অনুসরণ করেন। একইভাবে প্রকাশক ফয়সল আরেফিন দীপন সম্পর্কেও তাঁরা তথ্য সংগ্রহ ও গতিবিধি অনুসরণ করেন।
খাইয়রুলের গ্রামের বাড়ি ঝিনাইদহের চণ্ডীপুরে হলেও থাকতেন চট্টগ্রামের উত্তর আগ্রাবাদের মুহুরীপাড়ায়। চট্টগ্রাম কলেজিয়ট স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস করে তিনি পাহাড়তলীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিবিএ পড়ছিলেন।
ডিবি সূত্র জানায়, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে খাইরুল বলেছেন, ২০১৩ সালে চট্টগ্রামের নিউমার্কেট এলাকার একটি মসজিদে আমজাদ নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। আমজাদের মাধ্যমে জিয়ার সঙ্গে পরিচিত হন। ২০১৪ সাল থেকে আনসারুল্লাহর কথিত ইন্টেলিজেন্স শাখায় কাজ শুরু করেন খাইরুল।
গত বছরের ৭ আগস্ট রাজধানীর গোড়ানে নিজ বাসায় ব্লগার নিলয়কে ও ৩১ অক্টোবর শাহবাগে নিজ কার্যালয়ে দীপনকে হত্যা করে দুর্বৃত্তরা।