মেজর স্বামীর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
যৌতুক না পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ওপর তাঁর স্বামী নাজির উদ্দিন নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নাজির উদ্দিন সেনাবাহিনীর একজন মেজর। ছাত্রীর বাবা গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।
আজ বুধবার স্বামী ও তাঁর পরিবারের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আহত ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন।
ছাত্রীর বাবা বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম ভূঁইয়া বলেন, তাঁর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের এমবিএ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। তিনি অভিযোগ করেন, গত সোমবার টাঙ্গাইলের কালিহাতিতে শ্বশুর বাড়িতে তাঁর মেয়েকে মারধর করা হয়। তাঁকে উদ্ধার করতে গেলে তাঁকে ও তাঁর স্ত্রী-ছেলেকেও মারধর করা হয়। পরে পুলিশের সহযোগিতায় ওই রাতেই মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। কিন্তু মেয়ের শ্বশুরবাড়ির লোকজন এলাকায় প্রভাবশালী হওয়ায় থানা মামলা নিচ্ছে না।
অভিযুক্ত নাজির উদ্দিন চট্টগ্রামের বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) প্লাটুন কমান্ডার হিসেবে কর্মরত বলে জানিয়েছেন নূরুল ইসলাম।
নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সোমবার সকালে তাঁর মেয়ে ফোন করে তাঁর ওপর নির্যাতনের খবর জানান। ঢাকা থেকে টাঙ্গাইলে পৌঁছাতে তাঁদের বিকেল হয়ে যায়। সেখানে তাঁদের সামনেই মেয়েকে আরও কয়েক দফা মারধর করে স্বামী ও শ্বশুর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইদ্রিস আলী। বাধা দিতে গিয়ে তাঁর স্ত্রী শাহনাজ আক্তার ও ছেলে মুয়িদ হাসানও আহত হন।
নিজের হাতে মারধরের দাগ দেখাতে দেখাতে নূরুল ইসলাম বলেন, দুই বছর আগে মেয়ের বিয়ে দিয়েছেন। এরপর থেকে প্রতিনিয়ত তাঁদের কাছে যৌতুক দাবি করতে থাকেন নাজির উদ্দিন। কয়েক দফায় তাঁরা ২০ লাখ টাকাও দিয়েছেন। নাজির উদ্দিন মেজর হওয়ার পর তাঁর চাহিদা আরও বেড়ে যায়। পাঁচ কোটি টাকা ও ঢাকায় ফ্ল্যাট দাবি করে প্রতিনিয়ত মেয়ের ওপর নির্যাতন চালাতে থাকেন। এই দম্পতির ১৩ মাস বয়সী একটি ছেলে রয়েছে। ওই ছেলের কথা চিন্তা করে তাঁর মেয়ে সব মুখ বুঁজে সহ্য করছিলেন। এসব বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন এই বৃদ্ধ।
নুসরাতের ভাই মুয়িদ হাসান প্রথম আলোকে বলেন, টাঙ্গাইলে গিয়ে তাঁর বোন ও ভাগ্নে নাজমুস সাদাতকে নিয়ে আসতে চাইলে বাধা দেয় তাঁর বোনের শ্বশুরবাড়ির লোকজন। তাঁর বোনের স্বামী ও শ্বশুর তাঁদের ওপর হামলা করে বাসা থেকে বের করে দেন। পরে থানায় গিয়ে পুলিশ নিয়ে গিয়ে বোনকে সন্ধ্যায় উদ্ধার করা হয়। থানায় মামলা করতে চাইলে মামলা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।
সোমবার রাতে আহত ওই ছাত্রীকে হাসপাতালে দেখতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে বন্য পশুর মতো নির্যাতন মেনে নেওয়া যায় না। এই সময়ে যাঁরা যৌতুকের দাবি করতে পারেন, তাঁদের রুচি নিয়ে সন্দেহ রয়েছে।
এ ব্যাপারে মেজর নাজির উদ্দিনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।