মেজাজ ভালো ছিল না বলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কাজে আসতে দেরি করা’ এবং মন-মেজাজ ভালো ছিল না বলে ওয়েল্ডিং কারখানার দুই শিশুশ্রমিককে রড দিয়ে পিটিয়েছেন মালিক। নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের এসকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক শিমুল শাহের (৩৫) বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার এ অভিযোগ উঠেছে।


আহত শিশু আরিফ (১২) ও লিখনকে (১০) গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিমুল শাহ শুক্রবার দুপুরে দুই শিশুকে মারধরের কথা স্বীকার করে বলেন, ‘মন-মেজাজ ভালো ছিল না। তাই শাসন করেছি।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের একজন চিকিৎসক জানান, লোহার রড দিয়ে পেটানো হয়েছে। আরিফের বাম হাত ও লিখনের ডান হাতে জখম হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ওই ঘটনায় আরিফের বাবা আবদুল খালেক গুরুদাসপুর থানায় বৃহস্পতিবার লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান অভিযুক্ত শিমুলকে আটক করেন। তবে বৃহস্পতিবার রাতেই ছাড়া পেয়েছেন অভিযুক্ত শিমুল।

আরিফের বাবা আবদুল খালেক ও লিখনের বাবা জহুরুল ইসলাম অভিযোগ করেন, বৃহস্পতিবার কাজে আসতে দেরি করে লিখন ও আরিফ। এ অজুহাতে কারখানার দরজা (শাটার) বন্ধ করে রড দিয়ে তাদের বেধড়ক পেটান শিমুল। ওই কারখানাতেই আটকে রাখা হয় তাদের। তাদের নিজেদের ভিটাবাড়ি পর্যন্ত নেই। গুচ্ছগ্রামে পরিবার নিয়ে বসবাস করেন। সংসারের অভাব ঘোচাতে ছেলেদের ওয়েল্ডিং কারখানায় কাজে লাগিয়েছেন। শিশু নির্যাতনের ঘটনা ঘটলেও পারিপার্শ্বিক কারণে অভিযোগ তুলে নিতে বাধ্য হয়েছি।