মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ, পাশে কাঁদছিল দুই শিশু
‘দরজা ভেঙে ঘরে ঢুকে দেখি, মেঝেতে মহিলার রক্তাক্ত লাশ পড়ে আছে। তিন-চার বছরের এক ছেলেশিশু মেঝেতে দাঁড়িয়ে আর নবজাতক এক শিশু বিছানায় কাঁদছে।’ গৃহবধূ সুরভী আক্তারের (২৬) লাশ উদ্ধারের সময়কার এই দৃশ্য জানালেন রাজধানীর যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান।
যাত্রাবাড়ীর পূবালী এলাকা থেকে গতকাল রোববার সকালে সুরভীর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, সুরভীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে স্বামী মো. রাসেল বাসায় তালা মেরে পালিয়ে গিয়েছিলেন। বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
সুরভীর পরিবারের অভিযোগ, টাকা দেওয়া বন্ধ করার জের ধরে সুরভীকে হত্যা করেছেন তাঁর মাদকাসক্ত স্বামী।
যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, খবর পেয়ে সকাল নয়টার দিকে যাত্রাবাড়ী মোড় থেকে সামান্য দূরে পূবালী এলাকার পাঁচতলা একটি বাড়ির চতুর্থ তলার বাসার দরজা ভেঙে একটি ঘর থেকে গৃহবধূ সুরভীর লাশ উদ্ধার করা হয়। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে সাতটি থেঁতলানো আঘাতের চিহ্ন ছিল। পুলিশ ঘরে ঢুকে দেখে, সুরভীর দুই সন্তানের মধ্যে পৌনে চার বছর বয়সী ছেলে অরিন মেঝেতে মায়ের রক্তাক্ত লাশের পাশে দাঁড়িয়ে কাঁদছে। পাশেই বিছানায় শোয়ানো ১৫ দিন বয়সী মেয়েটিও কাঁদছে, মাঝে মাঝে থামছে, হাত-পা ছুড়ছে। অবুঝ শিশু দুটিকে তাদের স্বজনদের হেফাজতে দেওয়া হয়েছে। ওই ভবনের বিভিন্ন তলায় রাসেলের স্বজনেরা থাকেন। তাঁরাই পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, রাসেল গত শনিবার গভীর রাতে তাঁর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন। পরে লাশ ও দুই শিশুসন্তানকে বাসায় রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে গিয়েছিলেন। বিকেলে যাত্রাবাড়ী এলাকা থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সুরভীর বড় ভাই শামসুজ্জামান বাদী হয়ে রাসেলকে আসামি করে হত্যা মামলা করেছেন। পুলিশ ওই হাতুড়িটিও উদ্ধার করেছে।
মামলার বাদী শামসুজ্জামান বলেন, ‘রাসেল আকাবা টিম্বার’ নামে রাসেলের একটি কাঠের দোকান রয়েছে। বিয়ের পর প্রথমে তাঁর বোনের সংসার ভালোই চলছিল। পরে হঠাৎ রাসেল টাকার জন্য সুরভীকে চাপ দেওয়া শুরু করেন। খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন, রাসেল মাদকাসক্ত। এরপর তাঁরা টাকা দেওয়া বন্ধ করে দিলে রাসেল সুরভীর ওপর অত্যাচার শুরু করেন। তিনি মনে করেন, এর জের ধরেই তাঁর বোনকে হত্যা করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর কর বলেন, গৃহবধূ সুরভীর লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।