মেডিকেল কলেজের ছাত্রকে পিটিয়ে জখম, অবরোধ
সহপাঠীকে বহিরাগতরা পিটিয়ে জখম করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন নোয়াখালীর আবদুল মাকেল উকিল মেডিকেল কলেজের ক্ষুব্ধ শিক্ষার্থীরা। গত রোববার সন্ধ্যার পর সাইফুল ইসলাম (২৬) নামের ওই শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় রাতে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
হামলায় আহত সাইফুলকে সহপাঠীরা উদ্ধার করে একই কলেজের হাসপাতালে ভর্তি করেন। আহত সাইফুল কলেজের পঞ্চম ব্যাচের ছাত্র।
কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, কয়েক দিন আগে কলেজ ক্যাম্পাসে প্রবেশ নিয়ে স্থানীয় কয়েক যুবকের সঙ্গে শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে রোববার সন্ধ্যার পর কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম ক্যাম্পাসের সামনের দোকানে নাশতা করতে গেলে ওই যুবকেরা তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা সাইফুলকে পিটিয়ে গুরুতর আহত করে ক্যাম্পাসের কাছে ফেলে যায়। এ ঘটনার খবর শুনে কলেজ ক্যাম্পাসে অবস্থানরত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসের সামনের নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এ অবরোধ চলে। একপর্যায়ে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশের যৌথ হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মেডিকেল কলেজের ছাত্রের ওপর হামলার ঘটনায় রাতেই মীরওয়ারীশপুর এলাকা থেকে আবদুল লতিফ ওরফে শোয়েব (২৬) ও মো. মোশারফ (২৩) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
অন্যদিকে কলেজের অধ্যক্ষ আবদুস সালাম প্রথম আলোকে বলেন, এলাকার বহিরাগত কিছু ছেলে প্রায়ই কলেজের মাঠে ঢুকে আড্ডা দিতে চায়। এ নিয়ে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে সাইফুলের ওপর হামলা চালানো হয়েছে। তাই শিক্ষার্থীরা রাস্তায় এসে কিছু সময় প্রতিবাদ জানান। তাৎক্ষণিক তিনি এবং বিএমএর সাধারণ সম্পাদক আবদুস সাত্তার ফরায়েজী গিয়ে তাঁদের শান্ত করেন।