মেডিকেল কলেজের ৩ ছাত্রসহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে মাদকসেবীদের হামলায় মেডিকেল কলেজের তিন ছাত্রসহ চারজন আহত হয়েছেন। গত সোমবার রাতে ওই হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে মো. সজীব মিয়া (২৫) নামে এক মাদকসেবীকে আটক করেছে।
আহত ব্যক্তিরা হলেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মো. রবিউল আলম ও মো. সাজ্জাদ হোসেন, প্রথম বর্ষের ছাত্র মো. নাহীন এবং কলেজ ক্যানটিনের ব্যবস্থাপক মাসুম মিয়া।
মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, কলেজের ক্যাম্পাসে বসে চার মাদকসেবী গত সোমবার রাত পৌনে আটটার দিকে গাঁজা সেবন করছিল। মেডিকেল কলেজের কয়েকজন ছাত্র এর প্রতিবাদ করলে মাদকসেবীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। হামলায় সাজ্জাদের মাথা ফেটে যায় এবং অপর দুই ছাত্র আহত হন। এ সময় কলেজ ক্যানটিনের ব্যবস্থাপক মাসুম এগিয়ে গেলে মাদকসেবীরা তাঁকেও মারধর করে। তাঁদের চিৎকারে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে মাদকসেবীরা পালিয়ে যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।