মেডিকেল ছাত্রকে পিটিয়ে আহত করল ছাত্রলীগ
একটি সংগঠনের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে গতকাল রোববার সন্ধ্যায় বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজের দুই ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করেছেন কলেজ শাখা ছাত্রলীগের নেতারা। আহত ছাত্ররা হলেন কলেজের পঞ্চম বর্ষের ছাত্র ফয়সাল আলীম ও দ্বিতীয় বর্ষের ছাত্র তন্ময় চক্রবর্তী। তাঁদের মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।
মেডিকেল কলেজ সূত্র জানায়, সম্প্রতি রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন হয়। এ কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সহসভাপতি সাজেদুল করিম, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমানসহ কয়েকজন ওই দুই ছাত্রকে পিটিয়ে জখম করেন।
জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি ইমরান দাবি করেন, তাঁরা কাউকে মারধর করেননি, বরং বহিরাগতরাই তাঁদের (ছাত্রলীগের নেতা) ওপর হামলা চালিয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনা শুনেছি। তবে এ ব্যাপারে মামলা হয়নি।