
কলেজছাত্রী সোহাগী জাহান তনুর দ্বিতীয় দফার ময়নাতদন্তে গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক কামদা প্রসাদ সাহা জানিয়েছেন, তাঁকে হুমকি দিয়ে একটি উড়ো চিঠি পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নিজ দপ্তরে গণমাধ্যমকর্মীদের ডেকে এ কথা জানান তিনি।
কামদা প্রসাদ সাহার ভাষ্য, গতকাল সকালে ডাকযোগে তাঁর কাছে একটি উড়ো চিঠি আসে। কুমিল্লার প্রধান ডাকঘরের সিল-সংবলিত ওই চিঠিতে প্রাপকের জায়গায় তাঁর নাম থাকলেও প্রেরকের কোনো নাম-ঠিকানা নেই। তিনি বলেন, ‘চিঠিতে তনু হত্যা মামলার উল্লেখ করে বলা হয়েছে, ‘তিনি সহজ-সরল বিষয়টি জটিল করার চেষ্টা করছেন। তিনি কি চান যে তাঁর পরিবার ধ্বংস হয়ে যাক?’
গতকাল বিকেলে এ ঘটনায় কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি জিডি করেছেন কামদা প্রসাদ সাহা। এতে তিনি উল্লেখ করেন, চিঠিটি পাওয়ার পর তিনি ও তাঁর পরিবার জীবনহানির আশঙ্কায় ভুগছেন তাঁরা।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. আবদুর রব বলেন, ‘বিষয়টির তদন্ত হচ্ছে। চিকিত্সকের নিরাপত্তাও জোরদার করা হবে।’
মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত: গতকাল সকাল সাড়ে নয়টায় কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধানের কক্ষে তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ডের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বোর্ডের প্রধান কামদা প্রসাদ সাহা এতে সভাপতিত্ব করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা আমাদের ডিএনএ প্রতিবেদন দিতে অপারগতা প্রকাশ করেছেন। এ বিষয়ে পর্যালোচনা করার জন্য সভা করেছি। বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানানোর পাশাপাশি আইনজীবী নিয়োগ করে করণীয় ঠিক করা হবে।’
গত ২০ মার্চ রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ভেতর একটি ঝোপ থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের শুরুতেই ময়নাতদন্তের প্রতিবেদন নিয়ে বিতর্ক ওঠে। পরে তনুর মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করতে পুলিশ কবর থেকে তাঁর লাশ তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করে। আদালতের নির্দেশে কামদা প্রসাদ সাহাকে প্রধান করে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ৩০ মার্চ দ্বিতীয় দফা ময়নাতদন্ত হয়।
এদিকে তনুর প্রথম ময়নাতদন্তের পর কেন বিভ্রান্তিমূলক প্রতিবেদন দেওয়া হলো তা জানতে চেয়ে ময়নাতদন্তকারী চিকিৎসক শারমীন সুলতানা, তাঁর বিভাগের প্রধান কামদা প্রসাদ সাহা ও কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে উকিল নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। সাত দিনের মধ্যে তাদের উকিল নোটিশের জবাব দিতে বলা হয়েছে। মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী গতকাল প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার এ উকিল নোটিশ পাঠানো হয়েছে। তাঁরা জবাবের প্রতীক্ষায় রয়েছেন।