মেডিকেল শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, একজন আটক
রাজধানীর ফার্মগেট এলাকায় এক নারী মেডিকেল শিক্ষার্থীকে (২৪) হেনস্তা করার অভিযোগে গতকাল শনিবার ফারহান মুন (১৯) নামের তেজগাঁও কলেজের এক ছাত্রকে আটক করেছে পুলিশ।
হেনস্তার শিকার মেয়েটি প্রথম আলোকে বলেন, তিনি টাঙ্গাইলের কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থী। সকালে আসাদগেটে যাওয়ার জন্য তিনি ফার্মগেট এলাকায় রিকশায় ওঠেন। তেজগাঁও কলেজের সামনে ফারহানসহ চারজন যুবক তাঁকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করেন। একপর্যায়ে তাঁরা তাঁর রিকশায় উঠে পড়েন। প্রতিবাদ জানালেও যুবকেরা পিছু ছাড়েননি। এ সময় তিনি মানিক মিয়া অ্যাভিনিউয়ে থাকা পুলিশের পিকআপ ভ্যানে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামকে ঘটনা জানান। পরে পুলিশ ধাওয়া দিয়ে ফারহানকে আটক করে শেরেবাংলা নগর থানায় নিয়ে আসে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বলেন, অভিযোগের আলোকেই ফারহানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।