মেডিকেল শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফার্মগেট এলাকায় মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে (২৪) হেনস্তা করার অভিযোগে ফারহান মুন (১৯) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় অভিযোগ করেছেন ওই শিক্ষার্থী।

শিক্ষার্থীর বন্ধু রেদওয়ান আহমেদ প্রথম আলোকে বলেন, মেয়েটি টাঙ্গাইলের কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থী। সকালে আসাদগেটে যাওয়ার জন্য তিনি ফার্মগেট এলাকায় রিকশায় ওঠেন। তেজগাঁও কলেজের সামনে ফারহানসহ চারজন যুবক তাঁকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করেন।

হেনস্তার শিকার মেয়েটি প্রথম আলোকে বলেন, একপর্যায়ে ফারহানসহ তিনজন যুবক পেছন ও পাশ থেকে তাঁর রিকশায় উঠে পড়েন। প্রতিবাদ জানালেও যুবকেরা মেয়েটির পিছু নেন। এ সময় তিনি মানিক মিয়া অ্যাভিনিউয়ে থাকা পুলিশের পিকআপ ভ্যানে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামকে এ ঘটনা জানান।

পরে পুলিশ ধাওয়া দিয়ে ফারহানকে আটক করে শেরে বাংলা নগর থানায় নিয়ে আসে। ফারহান তেজগাঁও কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। আটকের পর তাঁকে ছাড়িয়ে নিতে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে লতিফ নামের এক ব্যক্তি থানায় আসেন।

রেদওয়ান আহমেদ বলেন, লতিফ অভিযোগ না দিতে তাঁদের অনুরোধ করেন। অভিযোগ না দিতে তিনি মেয়েটিকেও চাপ দেন।

এ ব্যাপারে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস প্রথম আলোকে বলেন, ফারহানকে আটক করে মেয়েটির অভিযোগ নেওয়া হয়েছে।